স্যন্দন ডিজিটেল ডেস্ক নভেম্বর ২২ : কানাডায় প্রকাশ্যে ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । গত ১৫ নভেম্বর ঘটনাটি ঘটলেও তা প্রকাশ্যে এসেছে রবিবার। পুলিশের অনুমান, পরিকল্পনা করেই দম্পতিকে হত্যা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়নি।
ঘটনাটি ঘটেছে কানাডার সারিতে। স্থানীয় পুলিশ সূত্রের খবর, মৃতরা হলেন সুখজিৎ কৌর (২৪) এবং গগনপ্রীত রেহাল (২৩) ওরফে গ্যারি। জানা গিয়েছে, এদিন রাত ১০টা নাগাদ ওয়ালমার্ট সুপার স্টোরের বাইরের পার্কিং এলাকায় দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও অ্যাম্বুল্যান্স। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহতরা পার্শ্ববর্তী ডেল্টা টাউনশিপের বাসিন্দা ছিলেন। কানাডার তদন্তকারী সংস্থা ‘ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম’ (আইএইচআইটি) এখন এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে।
কিন্তু কী কারণে তাঁদের খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন সংবাদমাধ্যম ‘সিবিসি নিউজে’র প্রতিবেদন অনুযায়ী, গগনপ্রীতের নাম পুলিশের খাতায় আগে থেকেই ছিল। তাঁর বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত একটি মামলা ছিল। জানা গিয়েছে, দম্পতির দেহ উদ্ধারের প্রায় ১৩ মিনিট পর কাছাকাছি এলাকায় একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। পুলিশ মনে করছে, দু’টি ঘটনার সঙ্গে যোগসূত্র রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান