স্যন্দন ডিজিটেল ডেস্ক, অক্টোবর ৪ : ভারতের বিচারব্যবস্থা মানেই তারিখের পর তারিখ। কোনও এক প্রজন্ম মামলা দায়ের করলে তার ন্যায় পেতে পেতে আরও দুই পুরুষ পেরিয়ে যাওয়াও অস্বাভাবিক কিছু নয়। যা নিয়ে কটাক্ষও শুনতে হয় দেশের বিচার ব্যবস্থাকে। তবে চিরাচরিত সেই ধারায় এবার পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। বিচার ব্যবস্থার ঢিলেমিতে রাশ টানতে নয়া ফৌজদারি আইনের কথা শোনা গেল শাহের গলায়। জানালেন, এই আইন পুরোপুরি কার্যকর হলে এফআইআর দায়ের থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনও ফৌজদারি মামলা তিন বছরের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হবে।
শনিবার মধ্যপ্রদেশের ভোপালে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “ভারতের বিচার ব্যবস্থাকে একসময় তারিখ পে তারিখ বলে খোঁচা দেওয়া হত। কিন্তু নতুন ফৌজদারি আইন পুরোপুরি কার্যকর হলে এফআইআর দায়েরের পর থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ৩ বছরের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।” তিনি আরও বলেন, “এই আইন কার্যকর হলে ভারতের ফৌজদারি বিচার প্রক্রিয়া বিশ্বে অন্যতম আধুনিক বলে গণ্য হবে। পাশাপাশি, মাদক ব্যবসার রমরমা যাতে পুরোপুরি দূর করা যায় সেই দিকেও জোর দেওয়া হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কার্যকর হয়েছে। এই তিনটি আইন যথাক্রমে পুরনো আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট-এর জায়গা নিয়েছে। এই তিন আইন বিজ্ঞান ও প্রযুক্তিকে ফরেনসিক তদন্তের আওতায় এনেছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রী।
শাহ বলেন, “ব্রিটিশ শাসনকালে তৈরি হওয়া পুরনো আইন, সেই সময়ের শাসনকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে আনা হয়েছিল, অন্যদিকে নতুন আইনগুলি ভারতীয় নাগরিকদের সম্মান, সম্পত্তি রক্ষার জন্য তৈরি করা হয়েছে। এই আইনগুলোর মূলনীতি হলো ন্যায়বিচার, শাস্তি নয়।”
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান