Monday, November 16, 2026
বাড়ি জাতীয় দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জনজাতি সমাজ : প্রধানমন্ত্রী

দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জনজাতি সমাজ : প্রধানমন্ত্রী

দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জনজাতি সমাজ : প্রধানমন্ত্রী

 



গড়চিরোলি ও নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): দেশের সার্বিক অগ্রগতিতে জনজাতি সমাজ গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং এখন এক জনজাতি কন্যাই দেশকে নেতৃত্ব দিচ্ছেন— মহারাষ্ট্রের গড়চিরোলিতে ‘জনজাতীয় গৌরব দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নেতৃত্বের প্রতি গর্ব প্রকাশ করার পাশাপাশি দেশের মাওবাদী উপদ্রুত অঞ্চলগুলিতে শান্তি ও উন্নয়নের আলো পৌঁছে দেওয়ার সাফল্য তুলে ধরেন।

আদিবাসী সমাজের অবদান ও ক্ষমতায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "এখন জনজাতি সমাজ দেশের অগ্রগতিতে অবদান রাখছে। আজ দেশকে নেতৃত্ব দিচ্ছেন আদিবাসী সমাজেরই এক কন্যা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে আমরা সকলেই গর্বিত।" বস্তার ও গড়চিরোলির মতো মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে পরিবর্তিত পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "মাত্র কয়েকদিন আগেই আমি ছত্তিশগড়ের বস্তারের প্রাণকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেছি— এমন এক এলাকা যেখানে একসময় মানুষ যেতে ভয় পেতেন। গড়চিরোলি সহ সমস্ত নকশাল-প্রভাবিত অঞ্চলে কেবল দীপাবলির প্রদীপই নয়, মানুষের কাছে আশার আলোও পৌঁছে গিয়েছে।"

নকশালবাদ ও মাওবাদ নির্মূলের প্রসঙ্গ টেনে পূর্বতন সরকারগুলির তীব্র সমালোচনা করে নরেন্দ্র মোদী বলেন, "দেশের অন্যতম বড় অর্জন হলো নকশালবাদ ও মাওবাদ থেকে মুক্তি। গড়চিরোলি সহ দেশের আদিবাসী অঞ্চলের মানুষ জানেন যে, নকশাল হিংসা আদিবাসী সম্প্রদায়েরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ২০১৪ সালে দেশের প্রায় ১২৫টি জেলা নকশালবাদ-মাওবাদে প্রভাবিত ছিল। প্রতি বছর শত শত হিংসার ঘটনা ঘটত। এই ঘটনাগুলিতে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যাঁদের মধ্যে একটি বড় অংশই ছিলেন আদিবাসী।"

তৎকালীন সরকারগুলির ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, "কিন্তু সেই সময়কার সরকারগুলি নকশালবাদ-মাওবাদে ক্ষতিগ্রস্ত মানুষদের পরিত্যাগ করেছিল। তাঁদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং সবাই নীরব ছিল। এমনকি আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ভোট দেওয়ারও অনুমতি দেওয়া হতো না। তৎকালীন সরকারগুলি নীরব দর্শক হয়ে ছিল এবং চোখ বন্ধ করে রেখেছিল। আজ যখন নকশালবাদ-মাওবাদ নির্মূল হয়েছে, তখন আদিবাসী সমাজের মা ও বোনেরা আমাদের আশীর্বাদ দিচ্ছেন।"

 

 

 

 

 

 

 




Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha