Monday, November 16, 2026
বাড়ি জাতীয় যান্ত্রিক ত্রুটি! ইন্ডিগোর গুয়াহাটিগামী বিমানের জরুরি অবতরণ: নিরাপদে ১৯২ জন যাত্রী ও ক্রু সদস্য

যান্ত্রিক ত্রুটি! ইন্ডিগোর গুয়াহাটিগামী বিমানের জরুরি অবতরণ: নিরাপদে ১৯২ জন যাত্রী ও ক্রু সদস্য

যান্ত্রিক ত্রুটি! ইন্ডিগোর গুয়াহাটিগামী বিমানের জরুরি অবতরণ: নিরাপদে ১৯২ জন যাত্রী ও ক্রু সদস্য

পুণে (মহারাষ্ট্র), ১৫ নভেম্বর (হি.স.): আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় রবিবার সকালে পুণে বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হলো ইন্ডিগো এয়ারলাইন্সের একটি গুয়াহাটিগামী বিমান। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানটির ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার জেরেই এই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানটিতে যাত্রী ও বিমানকর্মী (ক্রু) মিলিয়ে মোট ১৯২ জন ছিলেন। তবে পাইলটের তৎপরতায় বিমানটি নিরাপদে অবতরণ করায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং প্রত্যেকেই নিরাপদে রয়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৭টা ১৭ মিনিটে পুণে বিমানবন্দর থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা দেয় ইন্ডিগোর ৬ই ০৬২৩ (ভিটি-আইজেডই) ফ্লাইটটি। কিন্তু রানওয়ে ছেড়ে আকাশে ওড়ার পর দেখা যায়, বিমানটির ল্যান্ডিং গিয়ার কিছুতেই ভেতরে গোটানো যাচ্ছে না এবং সেটি বিপজ্জনক ভাবে বাইরে বেরিয়ে রয়েছে।

বিষয়টি নজরে আসতেই পাইলট তৎক্ষণাৎ পুণের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল-কে গোটা পরিস্থিতি জানান এবং বিমানটি ফিরিয়ে এনে জরুরি অবতরণের অনুমতি চান। খবর পাওয়ামাত্রই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জরুরি অবতরণের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়। এরপর নির্বিঘ্নে বিমানটিকে পুণে বিমানবন্দরে অবতরণ করানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সকালের দিকে বিমানবন্দর চত্বরে সাময়িক চাঞ্চল্য ছড়ায়।

পুণে-গুয়াহাটি বিমানের জরুরি অবতরণ প্রসঙ্গে বিবৃতি দিল ইন্ডিগো: যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা

রবিবার সকালে পুণে থেকে গুয়াহাটিগামী ফ্লাইটটির জরুরি অবতরণের ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি জারি করল বিমান সংস্থা ইন্ডিগো। সংস্থার তরফে জানানো হয়েছে, ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটি পুণে আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ইতিমধ্যেই দ্রুত একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।

ইন্ডিগো-র মুখপাত্র এক বিবৃতিতে জানান, "১৫ নভেম্বর, ২০২৬ তারিখে পুণে থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো ফ্লাইট উড়ানের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় উৎসস্থলে ফিরে আসে এবং পুণে আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ বিষয়টি জানানো হয়েছে।"

বিমানটির বর্তমান অবস্থা ও যাত্রীদের পরিষেবা প্রসঙ্গে বিবৃতিতে আরও বলা হয়েছে, "বিমানটিতে বর্তমানে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরই সেটি পুনরায় পরিষেবায় ফিরবে। ফ্লাইটটি পরিচালনার জন্য দ্রুত একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।"

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে ইন্ডিগো মুখপাত্র বলেন, "আমাদের যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখিত এবং তা কমানোর জন্য সমস্ত সম্ভাব্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে যাত্রীদের নিয়মিত তথ্য প্রদান, খাবার ও জলখাবারের ব্যবস্থা, বিকল্প ফ্লাইটের সুবিধা এবং প্রযোজ্য ক্ষেত্রে টিকিটের অর্থ ফেরত (রিফান্ড)। ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আমাদের যাত্রীদের ধন্যবাদ জানাই। ইন্ডিগো-তে আমাদের যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যই সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার পায়।"

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha