Friday, November 20, 2026
বাড়ি রাজ্য দুর্বৃত্তদের হাতে আক্রান্ত ৭২ বছর বয়সী কংগ্রেস কর্মী

দুর্বৃত্তদের হাতে আক্রান্ত ৭২ বছর বয়সী কংগ্রেস কর্মী

দুর্বৃত্তদের হাতে আক্রান্ত ৭২ বছর বয়সী কংগ্রেস কর্মী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর : নির্বাচন যত ঘনিয়ে আসছে সন্ত্রাস চোখ রাঙ্গাচ্ছে। কংগ্রেস করার অপরাধে ৭২ বছর বয়সী এক বৃদ্ধাকে মারধর করল বিজেপি কর্মীরা বলে অভিযোগ। ঘটনা রাজধানীর এমবি টিলা বাজারে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ ৭২ বছর বয়সী রতন কুমার দত্ত বাড়ি থেকে বের হয়ে চা খেতে এমবি টিলা বাজারে যান। তখনই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে তাকে মারধর শুরু করে।

 এরমধ্যে অন্যতম অভিযুক্ত ছিল মনা নামে একজন। এই অভিযুক্ত স্থানীয় কর্পোরেটর অলক রায়ের ভাড়া করা গুন্ডা বলে অভিযোগ। আশেপাশের লোকজন এসে এই গুন্ডাদের হাত থেকে ৭২ বছর বয়সী কংগ্রেস কর্মীকে উদ্ধার করে। পরবর্তী সময় ঘটনাস্থলে যান ৩৯ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাস। তিনি আহত ব্যক্তিকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে আইজিএম হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে যান সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, দীপক কুমার দাস সহ অন্যান্যরা। পরবর্তী সময় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আহত ব্যক্তিকে সাথে নিয়ে স্থানীয় থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের শাসক দলের প্রার্থী পরাজয় নিশ্চিত ভেবে কংগ্রেস কর্মী সমর্থকদের উপর এই ধরনের হামলা সংগঠিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে দিনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শান্তিপূর্ণ এলাকায় এ ধরনের দুর্বিত্তপনা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করলেন এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha