Friday, November 20, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরায় সিপিআই(এম)-কংগ্রেস জোট কখনও সফল হবে না: মুখ্যমন্ত্রী

ত্রিপুরায় সিপিআই(এম)-কংগ্রেস জোট কখনও সফল হবে না: মুখ্যমন্ত্রী

ত্রিপুরায় সিপিআই(এম)-কংগ্রেস জোট কখনও সফল হবে না: মুখ্যমন্ত্রী

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর :  ত্রিপুরার মানুষ আর সিপিআই(এম)-কে ক্ষমতায় ফিরিয়ে আনতে চান না। দীর্ঘদিনের শাসনকালের পর রাজ্যের মানুষ ইতিমধ্যেই এই দলকে প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

তিনি বলেন, “রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে তাদের শাসন দেখেছেন। কিন্তু এখন কংগ্রেস তাদের সঙ্গে হাত মিলিয়েছে। অন্যদিকে, বিজেপি সরকার জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ২ ডিসেম্বর বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল জনসমর্থন নিয়ে ফের জয়ী হবেন।”

শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। আসন্ন পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনে ১৩টি আসনেই বিজেপি মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভায় দলীয় প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্তি হল সাধারণ মানুষ।

তিনি বলেন, “আজকের সভায় মানুষের উপস্থিতিই ইঙ্গিত দিচ্ছে আগামী ২ ডিসেম্বর নির্বাচনের ফলাফল কী হতে চলেছে। আমাদের জয় নিয়ে কোনও সংশয় নেই। ২০২১ সালেও আগরতলা পুর নিগমের নির্বাচন হয়েছিল। সেই সময় যে ধরনের জনসমর্থন আমরা পেয়েছিলাম, এবার তার থেকেও বেশি সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।”

ডাঃ সাহা বলেন, বিরোধী দলগুলি এখন আর সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে না। সেই কারণেই রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ তুলে তারা বিভিন্ন ধরনের নাটক করছে।

তিনি বলেন, “মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এখন তারা নির্বাচন দপ্তরে গিয়ে অবস্থান বিক্ষোভ করছে। আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছে। অথচ তাদের শাসনকালেও নির্বাচন হয়েছে। তখন কিন্তু তারা কখনও এ ধরনের দাবি তোলেনি।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি বারবার উল্লেখ করেছেন যে বর্তমানে কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে সিপিআই(এম)-এর পতাকা ও ফেস্টুন বেরিয়ে আসছে, আবার সিপিআই(এম)-এর কার্যালয়ে কংগ্রেসের পতাকা দেখা যাচ্ছে। এর মধ্য দিয়েই রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন ঘটছে।

তিনি বলেন, “অতীতে কংগ্রেস কর্মীদের বেছে বেছে হত্যা করা হয়েছিল। এত কর্মী নিহত হওয়ার পরেও আজ তারা সেই একই দলের সঙ্গে হাত মেলাচ্ছে। শুধুমাত্র কি ক্ষমতা দখলের জন্য? ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রাজ্যে ৩৫ বছরের অপশাসন আমরা প্রত্যক্ষ করেছি।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ত্রিপুরাকে কমিউনিস্ট শাসন থেকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কংগ্রেসের সামনে সরকার গঠনের যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু ত্রিপুরায় সিপিআই(এম) ও কংগ্রেসকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা গেলেও দিল্লিতে তারা বন্ধু—এমন কথাই শোনা যেত। অবশেষে ২০১৮ সালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরায় কমিউনিস্ট শাসনের অবসান ঘটানো সম্ভব হয়।

ডাঃ সাহা বলেন, “ত্রিপুরার মানুষ আর সিপিআই(এম) পরিচালিত সরকার দেখতে চান না। টিটিএএডিসি, ভিলেজ কমিটি, পঞ্চায়েত, পুর পরিষদ কিংবা নগর পঞ্চায়েত—কোনও ক্ষেত্রেই মানুষ আর সিপিআই(এম)-কে ক্ষমতায় ফিরিয়ে আনতে চান না।”

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha