Wednesday, November 4, 2026
বাড়ি রাজ্য দ্রুত এস.টি.জি.টি-র ফলাফল প্রকাশের দাবি চাকরি প্রত্যাশীদের

দ্রুত এস.টি.জি.টি-র ফলাফল প্রকাশের দাবি চাকরি প্রত্যাশীদের

দ্রুত এস.টি.জি.টি-র ফলাফল প্রকাশের দাবি চাকরি প্রত্যাশীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ নভেম্বর : পাঁচ বছরেও প্রকাশিত হয়নি এস.টি.জি.টি ২০২২-এর ফল। দ্রুত ফল প্রকাশের দাবিতে সরব চাকুরি প্রত্যাশীরা।২১৯৩ টি শূন্যপদের তথ্য তুলে ধরে দ্রুত ফল প্রকাশের দাবি করেন তারা। বুধবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে জানান, ১৭২টি এসটি সংরক্ষিত পদ বহাল রাখার আবেদনে পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেলেও প্রকাশিত হয়নি ২০২২ সালের STGT পরীক্ষার ফলাফল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সরব হলেন পরীক্ষার্থীরা।

সাংবাদিক সম্মেলনে পরীক্ষার্থীরা জানান, ২০২২ সালের STGT পরীক্ষার জন্য মোট ২৩০টি পদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে ফলাফলের অপেক্ষায় রয়েছেন তারা। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের বিভিন্ন স্তরে আবেদন জানিয়েও কোনও সুনির্দিষ্ট উত্তর পাননি। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট আধিকারিকরা সরকারের নির্দেশ ছাড়া কিছু করতে পারবেন না বলে জানাচ্ছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও কোনও ইতিবাচক আশ্বাস মিলছে না।পরীক্ষার্থীদের দাবি, হাইকোর্টের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে ২১৯৩ টি শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদগুলির মধ্য থেকে তাদের নিয়োগের ব্যবস্থা করা হলে বহু পরীক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাঁদের আরও বক্তব্য, ২০২২ সালের পরীক্ষায় এক হাজারেরও বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন।

ইতিমধ্যে অনেকে অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়েছেন। তাই দ্রুত ফল প্রকাশ করা হলে প্রকৃতপক্ষে কতজন এখনও নিয়োগের অপেক্ষায় রয়েছেন, তা স্পষ্ট হবে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা এসএলপি প্রসঙ্গে পরীক্ষার্থীরা জানান, ওই মামলা তাদের করা নয়। তাদের বক্তব্য, গত ফেব্রুয়ারিতে হাইকোর্ট সংরক্ষণের নিয়ম মেনে নিয়োগের বিষয়ে নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে রাজ্য সরকার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তবে ২৯ সেপ্টেম্বর প্রকাশিত হাইকোর্টের একটি আদেশ থেকে তাঁরা জানতে পেরেছেন, সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপিতে ফল প্রকাশ কিংবা নিয়োগের ক্ষেত্রে কোনও স্থগিতাদেশ নেই। তাই ফল প্রকাশে আর কোনও বাধা থাকার কথা নয় বলে দাবি তাদের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha