Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য জাতীয় সড়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এঁকে কলঙ্কিত বিলোনিয়া প্রশাসন

জাতীয় সড়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এঁকে কলঙ্কিত বিলোনিয়া প্রশাসন

জাতীয় সড়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এঁকে কলঙ্কিত বিলোনিয়া প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ১৪ অক্টোবর : একেবারে মাঠে মারা গেল প্রধানমন্ত্রীর জন্মদিন বিকশিত ভারত ও সেবা পক্ষের অনুষ্ঠান। সরকারকে কালিমা লিপ্ত করল তারই আমলারা। সম্মান জানাতে গিয়ে প্রধানমন্ত্রীকেই করা হলো অসম্মান আর অপমান । শ্রদ্ধা জানাতে গিয়ে অনুষ্ঠানের করা হলো আদ্য শ্রাদ্ধ। প্রকাশ্যে এলো প্রশাসনিক কর্তাদের কাণ্ডজ্ঞানহীনতা। আর এই নজিরবিহীন কাণ্ডের সাক্ষী থাকল শহর বিলোনিয়া। ঘটনাটা একেবারে বুধবার সকালে। উপলক্ষ - দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন। বিকশিত ভারত ও সেবা পক্ষ অনুষ্ঠান।

 আয়োজক - বিলোনিয়া পৌর পরিষদ, তথ্য-সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসন। ব্যস্ততম রাস্তার মাঝখানে আঁকা হল দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছবি। কিন্তু সেই রঙ্গোলিতে রঙের বাহার নয়, ফুটে উঠল কাণ্ডজ্ঞানের দেউলিয়াপনা। ব্যস্ত রাস্তার মাঝখানে দেশের প্রধানমন্ত্রীর প্রতিকৃতি। আর সেই প্রতিকৃতির বুকের উপর দিয়ে... হেঁটে যাচ্ছে মানুষ, ছুটে যাচ্ছে বাইক-গাড়ি, এমনকি গরু-ছাগলও পা মাড়িয়ে চলে যাচ্ছে।এটাই কি সম্মান? এটাই কি বিকশিত ভারতের নমুনা? প্রধানমন্ত্রীকে রাস্তায় ফেলে পায়ে মাড়ানোই কি সেবা পক্ষের সংজ্ঞা?প্রশ্ন উঠছে, এই কদর্য ভাবনার মস্তিষ্কপ্রসূত কার? কার বুদ্ধিতে রাস্তার মাঝে প্রধানমন্ত্রীকে আঁকা হলো? খবর পেয়ে ক্যামেরা নিয়ে হাজির হয় সংবাদমাধ্যম। আর তাতেই টনক নড়ে প্রশাসনের। ছুটে আসেন তথ্য-সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ আধিকারিক মনোজ দেববর্মা। সঙ্গে চিত্র শিল্পী। আসেন অতিরিক্ত জেলা শাসক হাফিজ উদ্দিন ও। সংবাদমাধ্যমের একে একে প্রশ্নবাণে জর্জরিত আধিকারিকরা।

 উত্তর দিতে গিয়ে হলো নাজেহাল। এরপর শুরু হলো আরও এক হাস্যকর অধ্যায়। রাস্তার মাঝে আঁকা প্রধানমন্ত্রীর মুখে ঢেলে দেওয়া হলো রঙ-কালি...এ যেন অপমানের উপর আরও অপমান। কোনোরকমে মুছে ফেলে তড়িঘড়ি দড়ি দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হলো। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ করছেন - ছিঃ ছিঃ। খানিকটা অদূরেই বসানো ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির মর্মর মূর্তি। শুভ বুদ্ধি সম্পন্ন মহলের দাবি শ্যামাপ্রসাদ মুখার্জির মর্মর মূর্তির সঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির প্রতিকৃতি লাগানো হলে বিষয়টা ভালো লাগতো। রাস্তায় ছবি এঁকে প্রধানমন্ত্রীকে অপমান আর অসম্মান করা ছাড়া আর কিছুই করা হলো না। সেবা করতে এসে এই কি সেবার নমুনা? সম্মান জানাতে এসে রাস্তায় ফেলে পা মাড়ানো? বিলোনিয়া শহর জুড়ে এখন একটাই গুঞ্জন তার মাথা থেকে এ ধরনের উদ্ভট ভাবনা এসেছে প্রধানমন্ত্রী যেহেতু দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি সেখানে প্রধানমন্ত্রীর ছবি রাস্তায় আকার নির্দেশ দিল কে? স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা কালিমা লিপ্ত করল সরকারকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha