Monday, November 23, 2026
বাড়ি জাতীয় কলকাতা হাইকোর্টে ফের স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বাড়ল অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ

কলকাতা হাইকোর্টে ফের স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বাড়ল অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ

কলকাতা হাইকোর্টে ফের স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বাড়ল অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ



কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.) :কলকাতা হাইকোর্ট থেকে আরও একবার বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে নথিভুক্ত তিনটি এফআইআর এবং ‘সেবাশ্রয়’ প্রকল্প সংক্রান্ত মামলায় গ্রেফতারি থেকে তাঁর অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বৃদ্ধি করেছে আদালত। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, এই মামলাগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়সীমার মধ্যে পুqলিশ তাঁর বিরুদ্ধে কোনো রকম কড়া বা জবরদস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারবে না।

ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে কলকাতার ভবানীপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার ফলতা ও বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। এর আগে গত ২৫ আগস্ট বিচারপতি ভট্টাচার্য তাঁকে এই তিনটি মামলায় অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছিলেন, যার মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। এছাড়াও, তাঁর ‘সেবাশ্রয়’ প্রকল্পে অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় চলমান তদন্তের প্রেক্ষিতেও আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে।

সোমবার মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতকে জানানো হয় যে, এই মামলাগুলির তদন্ত এখনও সম্পন্ন হয়নি। রাজ্যের তরফে আদালতে একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার মেয়াদ বাড়ানোর বিষয়ে আপত্তি জানানো হয়। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে, সাংসদকে রক্ষাকবচ দেওয়া হলেও তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্তকারী সংস্থা তলব করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে, তবে সেক্ষেত্রে তাঁকে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। তিনি তদন্তে অসহযোগিতা করলে রাজ্য সরকার পুনরায় আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১৬টি এফআইআর দায়ের করা হয়েছে, যেগুলিকে তিনি আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন।

অন্যদিকে, সোমবারই বিচারপতি সৌগত ভট্টাচার্য মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শমীম আহমেদের মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেন। শমীমের আইনজীবী কিশোর দত্ত এই মামলার জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। তবে বিচারপতি স্পষ্ট জানান, নির্ধারিত তালিকা ও সময়সূচি মেনেই এই মামলার শুনানি হবে এবং আলাদাভাবে দ্রুত শুনানি সম্ভব নয়। প্রসঙ্গত, সরিষায় তৃণমূল কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাটিকে ‘পূর্বপরিকল্পিত’ বলে দাবি করে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিধায়ক শমীম আহমেদ। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের মতোই গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha