স্যন্দন ডিজিটাল ডেস্ক ৯ অক্টোবর : প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে তখন উড়ছে বিমান। আচমকাই ককপিটে পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন স্মিত মচ্ছর। ভারতীয় পাইলটের অসামান্য বীরত্বের কাহিনি আজ সকলেরই জানা। এবার সেই সাহসিকতার জন্য পুরস্কৃত হচ্ছেন ফ্লাইদুবাইয়ের পাইলট। তাঁর হাতে তুলে দেওয়া হবে ইজরায়েলের সর্বোচ্চ সাহসিকতা সম্মান। ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগ এই ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার ৬ জনের হাতে প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিল হিরোইজম পুরস্কার তুলে দেন ইজরায়েলি রাষ্ট্রপতি। ফ্লাইদুবাইয়ের বিমানে তাঁরা পাইলটকে সাহায্য করে ক্র্যাশ রুখে দিয়েছিলেন। কেউ অ্যালার্ম বাজিয়েছিলেন, কেউ মচ্ছরের চিকিৎসা করেছিলেন, কেউ বা আটকেছিলেন ‘ঘাতক’ পাইলটকে। জেরুজালেমে আয়োজিত অনুষ্ঠানে ৬ জনের হাতে তুলে দেওয়া হয় ইজরায়েলে সাহসিকতার সর্বোচ্চ সম্মান। সেখানেই হেরজোগ ঘোষণা করেন, “আজ আমরা ইজরায়েলি বীরদের সম্মানিত করেছি। সেই শুভক্ষণে আমরা শুভেচ্ছাবার্তা পাঠাতে চাই ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। তাঁর সাহসেই বিরাট বিপর্যয় রুখে দেওয়া গিয়েছে।”
প্রেসিডেন্ট আরও জানান, স্মিতকেও প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিল হিরোইজম পুরস্কারে ভূষিত করা হবে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে স্মিতের। তিনি সুস্থ হলেই এই পুরস্কার তুলে দেবেন ইজরায়েলের প্রেসিডেন্ট। ক্যাপ্টেন মচ্ছর বর্তমানে আবু ধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তাঁর সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় পাইলটকে।
নেতানিয়াহু বলেছেন, “ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। এটি আমাদের সর্বোচ্চ সম্মান, যা আমরা আমাদের স্বাধীনতা দিবসে প্রদান করে থাকি। সাধারণত এটি ইজরায়েলি নাগরিকদের জন্যই নির্ধারিত থাকে, তবে আমার মনে হয় এক্ষেত্রে দেশের সকল নাগরিক আপনাকে সাদরে গ্রহণ করে নেবে।” ক্যাপ্টেন মচ্ছরের পাশাপাশি ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানিয়েছেন নেতানিয়াহু। আগামী বছর ইজরায়েলের স্বাধীনতা দিবসের উদযাপনে দেখা যাবে মচ্ছরকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান