Thursday, October 8, 2026
বাড়ি জাতীয় RBI রেপো রেট বাড়াতেই শেয়ার বাজারে পতন!

RBI রেপো রেট বাড়াতেই শেয়ার বাজারে পতন!

RBI রেপো রেট বাড়াতেই শেয়ার বাজারে পতন!

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৮ অক্টোবর : বুধবার চার বছর পর রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর জেরে ইএমআই বাড়ছে গাড়ি-বাড়ির ঋণে। এই অবস্থায় বাজার থেকে মূলধন তুলে নিতে শুরু করেছেন বিনিয়োগকারীদের একাংশ। যার প্রভাব পড়ল শেয়ার বাজারে । বৃহস্পতিবার সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট। অন্যদিকে নিফটির পতন গড়াল ১.৫ শতাংশে।


এদিন দুপুর ১টা ৩১ মিনিটে সেনসেক্স ১,০৩২.৯৯ পয়েন্ট (১.৪২ শতাংশ) পতন হয়। দিনের শুরুতে সূচক ৭২,৬৬৮ থাকলেও পতনের পর সর্বনিম্ন ৭১,৫৫০.৭৬ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে নিফটির পতন হয় ৩৪২.২০ পয়েন্ট। দিনের শুরুতে সূচক যেখানে ছিল ২২,৫৯৯.০৫ পয়েন্ট, শেষ পর্যন্ত তা ২২,২২৮ পয়েন্টে নেমে আসে।


বিশেষজ্ঞদের বক্তব্য, সব থেকে বড় কারণ রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বাড়ানো। ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করা হয়েছে। ৭ অক্টোবর থেকেই যা কার্যকর হয়েছে। রেপো রেট বৃদ্ধির জেরে প্রভাবিত হবেন সাধারণ ঋণগ্রহীতারা। যাঁদের হোম, কার বা পার্সোনাল লোন রয়েছে। রেপো রেট যে বাড়তে পারে সে ইঙ্গিত গত কয়েকদিন ধরেই মিলছিল। তিন দিনের এমপিসির বৈঠকের পর বুধবার রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর সঞ্জয় মালহোত্রা।


রেপো রেট বাড়ানো নিয়ে আরবিআই গভর্নর বলেন, ‘‘সারা বিশ্বে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা আছে। ব্যবসা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে বিশ্বে পরিস্থিতি বেশ জটিল। পাশাপাশি ইরান যুদ্ধের ফলে ধাক্কা খেয়েছে পণ্য পরিবহণে। এই পরিস্থিতিতে আমরা রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’ যদিও এর উলটো প্রভাব পড়ল শেয়ার বাজারে। এছাড়াও একাধিক আন্তর্জাতিক টানা পোড়েনে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেড়েই চলেছে। সব মিলিয়ে যুদ্ধ নিয়ে শঙ্কিত বিদেশি বিনিয়োগকারীরা। বড় ক্ষতির আশঙ্কায় তাঁরা বাজার থেকে মূলধন তুলে নিতে শুরু করেছেন। সব মিলিয়ে দুই যুদ্ধের ‘অভিশাপ’কেই দোষী করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। 


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha