স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৩ : সেনাবাহিনীর রুটিন মহড়া চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। সামরিক ট্যাঙ্কের নিচে পড়ে মৃত্যু হল দুই জওয়ানের। শনিবার দুপুরে ভয়ংকর এই দুর্ঘটনা ঘটেছে হরিয়ানার হিসারের ভোজরাজ গ্রামে। জানা গিয়েছে, মৃত ওই দুই জওয়ানের নাম মণীশ কুমার এবং অঙ্কুশ কুমার। দু’জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা।
হিসার থানার তরফে জানা যাচ্ছে, শনিবার দুপুর ৩টে নাগাদ ভোজরাজ গ্রামে শুরু হয় সেনার মহড়া। এই মহড়ায় অংশ নিয়েছিলেন সেনাবাহিনীর ৩২টি ট্যাঙ্ক। এরই একটিতে বসে ছিলেন অঙ্কুর ও মণীশ। একসঙ্গে এতগুলি ট্যাঙ্ক চলার কারণে ধুলোয় ঢেকে যায় গোটা অঞ্চল। এই অবস্থায় কোনওভাবে ট্যাঙ্ক থেকে পড়ে যান সামনে বসে থাকা দুই জওয়ান। প্রবল ধুলোর জেরে চালক বুঝতেও পারেননি সামনে বসে থাকা দুই জওয়ান পড়ে গিয়েছে। এই অবস্থায় দু’জনের শরীরের উপর দিয়ে চলে যায় বিরাট লোহার ট্যাঙ্কটি। ঘটনায় পর তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার দু’জনের দেহ ময়নাতদন্ত করা হয়েছে।
মৃত দুই জওয়ানের মধ্যে মণীশের বাড়ি উত্তরপ্রদেশের শামলিতে এবং অঙ্কুশ উত্তরপ্রদেশের বদায়ুনের বাসিন্দা। পরিবারের তরফে জানা গিয়েছে, শনিবার বাড়ির লোকজনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন অঙ্কুশ। রবিবার ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। তবে তার আগেই মর্মান্তিক পরিণতি হল ওই জওয়ানের।
উল্লেখ্য, মহড়া চলাকালীন সেনাবাহিনীতে এহেন দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২৪ সালে রাজস্থানের বিকানেরে ট্যাঙ্কে গোলা ভরার সময় বিস্ফোরণ মৃত্যু হয়েছিল দুই জওয়ানের। পাশাপাশি গুরুতর আহত হন আরও এক জওয়ান। এছাড়া ওই বছরেই নাসিকের দেওলালি ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালীন ভারতীয় ফিল্ড গানের গোলা ফেটে গোহিল বিশ্বরাজ সিং এবং সৈকত শিট নামে দুই অগ্নিবীর জওয়ান নিহত হন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান