Friday, November 20, 2026
বাড়ি রাজ্য ভোট প্রচারে গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

ভোট প্রচারে গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

ভোট প্রচারে গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ নভেম্বর : শুক্রবার কুমারঘাট এর নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্টের এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আনেন। তিনি বলেন ২০১৮ সালে বিজেপি ত্রিপুরায় সরকার গঠনের সময়ে রাজ্যে সরকারি শিক্ষক কেরানি কর্মচারীর সংখ্যা ছিল ১ লক্ষ ৬৫ হাজার। কিন্তু বর্তমানে এই সংখ্যা সেখান থেকে নেমে দাঁড়িয়েছে এক লক্ষে। বিজেপি সরকারে আসার সময়ে প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে সরকারি চাকরি হবে। এই হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নমুনা।

 বিজেপি সরকার ঘরে ঘরে চাকরি দিলে এই সংখ্যাটা দুই লক্ষের উপরে পৌঁছে যেত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরো অভিযোগ করেছেন বর্তমানে বিজেপি সরকার রেগা কর্মসূচিটাকে ধ্বংস করে দিয়েছে। বিজেপি সরকার গঠনের সময়ে প্রতিশ্রুতি দিয়েছিল সপ্তম পে কমিশন অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বেতনক্রম চালু করার। কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতি কালোবাজারি আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ ভোটার তালিকা নিয়েও সরব হন। এদিনের বক্তব্যে রাজ্যের এক পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গও বিশেষভাবে তুলে ধরেন তিনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, ওই আধিকারিকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন। সেই কমিশনে হাইকোর্টের একজন বর্তমান অথবা অবসরপ্রাপ্ত বিচারপতিকে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। পাশাপাশি, মৃত্যুর আগে লেখা বলে প্রচারিত সুইসাইড নোটের বিষয়বস্তু এবং তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলেন। তবে আত্মহত্যার পথ বেছে নেওয়াকে সমর্থন না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানিক সরকার অভিযোগ করেন, বিরোধী রাজনৈতিক দলগুলির সভা, মিছিল ও নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিরোধী কর্মী-সমর্থকদের ভয় দেখানো এবং প্রচার কর্মসূচি ব্যাহত করার মতো ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।

 শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই, কলেজে অধ্যাপকের অভাব রয়েছে। হাসপাতালগুলিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং প্রয়োজনীয় ওষুধের ঘাটতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কালোবাজারি বন্ধ, রেশন ব্যবস্থার নিয়মিত সরবরাহ এবং শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরির দাবিতে বামফ্রন্ট ও ইন্ডিয়া জোটের আন্দোলনের কথা তুলে ধরেন। এই নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী সহ আরো অনেকেই।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha