Monday, October 12, 2026
বাড়ি জাতীয় বিচারাধীন বিষয় নিয়ে বৈঠক সংবিধান-বিরোধী, রাহুল-খাড়গেকে বার্তা প্রধান বিচারপতির

বিচারাধীন বিষয় নিয়ে বৈঠক সংবিধান-বিরোধী, রাহুল-খাড়গেকে বার্তা প্রধান বিচারপতির

বিচারাধীন বিষয় নিয়ে বৈঠক সংবিধান-বিরোধী, রাহুল-খাড়গেকে বার্তা প্রধান বিচারপতির

 

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): আদালতে বিচারাধীন বিষয় নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক ডাকা ভারতের সংবিধানের মূল কাঠামোর বিরোধী—লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (সিজেআই) সূর্য কান্ত। ১১ অক্টোবর পাঠানো এক চিঠিতে প্রধান বিচারপতি স্পষ্ট করেন, বিচারবিভাগীয় রীতিনীতি ও ‘ক্ষমতার পৃথকীকরণ নীতি’ লঙ্ঘন করে শীর্ষ আদালত কোনও প্রশাসনিক বৈঠক করতে পারে না।

চিঠিতে দুই বিরোধী দলনেতাকে উদ্দেশ করে প্রধান বিচারপতি উল্লেখ করেন: বিচারাধীন মামলা নিয়ে কোনও বৈঠক আহ্বান করা সংবিধানের মৌলিক কাঠামোর অন্তর্গত ‘ক্ষমতার পৃথকীকরণ নীতি’র সরাসরি পরিপন্থী। প্রতিষ্ঠিত নৈতিকতা ও বিচারিক শিষ্টাচারের সঙ্গেও এটি একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়াও চিঠিতে উল্লিখিত বিষয়গুলি খতিয়ে দেখার মতো প্রশাসনিক ক্ষমতা সাংবিধানিক কাঠামোর মধ্যে সুপ্রিম কোর্টের নেই। তবে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ ও বিচারবিভাগীয় পর্যালোচনার আওতায় যে কোনও গুরুতর বিষয়ের বিচারিক নিষ্পত্তিতে শীর্ষ আদালত প্রতিশ্রুতিবদ্ধ। চিঠিতে প্রধান বিচারপতি জানান, প্রশাসনিক স্তরে স্মারকলিপি জমা দেওয়ার বদলে সংবিধানের বিচারিক ক্ষমতার শরণাপন্ন হওয়াই সমীচীন। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় আদালত দায়বদ্ধ এবং আইনের নির্ধারিত পদ্ধতি মেনে যে কোনও নাগরিক যে কোনও সময়ে আদালতের দ্বারস্থ হতে পারেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha