হারাঙ্গাজাও
(অসম),
৩১ জুলাই
(হি.স.)
: প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে যেন সমান্তরাল লড়াই চালিয়ে যাচ্ছে উত্তরপূর্ব সীমান্ত
(এনএফ)
রেলওয়ে। একদিকে অব্যাহত ভারী বৃষ্টিপাত,
অন্যদিকে পাহাড়ি ঢলের কারণে মাটি নরম হয়ে বারবার বসে যাওয়ায় নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজ শুক্রবার উদ্ধার ও মেরামতির কাজ জোরকদমে চললেও পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ায় লাইন-১ ও লাইন-২ সম্পূর্ণ স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগবে বলে উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে।
গত কয়েকদিন ধরে নিউ হারাঙ্গাজাও স্টেশনের ১ ও ২ নম্বর লাইনের নীচের মাটি ধসে ও বসে যাওয়ার ফলে পাহাড়ি এই গুরুত্বপূর্ণ রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শতাধিক রেলকর্মী,
ইঞ্জিনিয়ার আধুনিক যন্ত্রপাতি এবং নির্মাণ সামগ্রী নিয়ে মেরামতির কাজ চালিয়ে গেলেও প্রকৃতির প্রতিকূলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যেখানেই নতুন করে মাটি ভরাট করা হচ্ছে,
কিছুক্ষণের মধ্যেই আবার সেই অংশে বসে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। ফলে বারবার একই স্থানে পুনরায় মাটি ভরাট ও স্থিতিশীল করার কাজ করতে হচ্ছে।
আজ রেলপথ মেরামতির নবম দিনেও মাটি ভরাট,
পাথর ফেলা,
ট্র্যাকের নীচের অংশ শক্তিশালী করা এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ অব্যাহত ছিল। রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং পাহাড় থেকে নেমে আসা জল যাতে দ্রুত নিষ্কাশন হয়,
সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ না করে আপাতত নিউ হারাঙ্গাজাও স্টেশনের লাইন-৩ দিয়েই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ট্রেন পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ট্রেনকে নির্দিষ্ট গতিসীমা মেনে চলতে হচ্ছে এবং ট্র্যাক পরীক্ষার পরই ছাড়পত্র দেওয়া হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে,
যাতে কোনও ধরনের দুর্ঘটনার আশঙ্কা না থাকে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন,
যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। সে জন্য মেরামতির কাজ সম্পূর্ণ সন্তোষজনক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত লাইন দিয়ে ট্রেন চালানোর কোনও ঝুঁকি নেওয়া হবে না। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কয়েকটি ট্রেন বাতিল,
আংশিক বাতিল বা পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।
পাহাড়ি অঞ্চলে টানা বর্ষণ অব্যাহত থাকায় পুনরুদ্ধারের কাজে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে এনএফ রেল কর্তৃপক্ষের দাবি,
প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দিন-রাত এক করে কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন এবং যত দ্রুত সম্ভব লাইন-১ ও লাইন-২ পুনরায় চালু করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে ২ আগস্ট পর্যন্ত দুল্লভছড়া-গুয়াহাটি-দুল্লভছড়া ও শিলচর-গুয়াহাটি-শিলচর যাত্রীবাহী ট্রেন বাতিল করে দিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান