মুম্বই, ২১
অক্টোবর (হি.স.): পুলিশ স্মারক দিবস উপলক্ষে কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ দেওয়া পুলিশ
আধিকারিক ও কর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
বুধবার মুম্বইয়ের নায়গাঁও পুলিশ সদর দফতরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের
স্মরণ করেন তিনি। এ বছরের স্মরণ অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো ১৫৪ জন পুলিশকর্মীর
প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নায়গাঁওয়ের পুলিশ গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফড়নবিশ বলেন, দেশের
সেবা এবং কর্তব্য পালনের সময় যাঁরা প্রাণ উৎসর্গ করেছেন, তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে
থাকবে। এ বছর ৩৬ জন পুলিশ আধিকারিক এবং ১১৮ জন পুলিশকর্মী-সহ মোট ১৫৪ জন শহিদকে শ্রদ্ধা
জানান মুখ্যমন্ত্রী। তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করে পুলিশবাহিনীর পক্ষ থেকে শূন্যে
গুলি ছুড়ে অভিবাদন জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি, পুলিশের পদস্থ আধিকারিক এবং শহিদ পুলিশকর্মীদের
পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শহিদদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের
প্রতি সম্মান জানান। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরাও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক
অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ স্মারক দিবসের অনুষ্ঠান ও শোভাযাত্রার সমন্বয়ের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ
মহাপরিচালক (প্রশাসন) মধুকর পাণ্ডে এবং বিশেষ পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) অভিষেক ত্রিমুখে।
প্রতি বছর ২১ অক্টোবর দেশে পুলিশ স্মারক দিবস পালিত হয়। কর্তব্য পালন করতে গিয়ে যেসব
পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন, তাঁদের অবদান স্মরণ করাই এই দিনের মূল উদ্দেশ্য। এ বছরের
অনুষ্ঠানে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩১ আগস্টের মধ্যে শহিদ হওয়া রাজ্য
পুলিশবাহিনী ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ রাহুল নার্ভেকর, মুম্বই উপনগর জেলার সহ-অভিভাবক
মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা, মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে, স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত
মুখ্যসচিব মনীষা পাটণকর-মহৈসকর, রাজ্য পুলিশের মহাপরিচালক সদানন্দ দাতে এবং মুম্বইয়ের
পুলিশ কমিশনার দেবেন ভারতী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান