Wednesday, October 21, 2026
বাড়ি জাতীয় নেশার ওষুধের অবৈধ বিক্রির বিরুদ্ধে সরব কর্মী খুনের তদন্তে সিবিআই, পরিবারের সঙ্গে কথা

নেশার ওষুধের অবৈধ বিক্রির বিরুদ্ধে সরব কর্মী খুনের তদন্তে সিবিআই, পরিবারের সঙ্গে কথা

নেশার ওষুধের অবৈধ বিক্রির বিরুদ্ধে সরব কর্মী খুনের তদন্তে সিবিআই, পরিবারের সঙ্গে কথা

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): পঞ্জাবে মাদকের বিরুদ্ধে প্রচার চালানো কর্মী পরবিন্দর সিং ঝোটার খুনের তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। তদন্ত শুরু করেই বুধবার মানসায় নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। পাশাপাশি, মামলার নথি ও বাজেয়াপ্ত সামগ্রী নিজেদের হেফাজতে নিতে মঙ্গলবার রাতে মানসা থানায় পৌঁছয় সিবিআইয়ের দল। এ বিষয়ে স্থানীয় পুলিশকে চিঠিও দেওয়া হয়েছে।

সিবিআইয়ের এক সিনিয়র ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের নেতৃত্বে তদন্তকারী দল বুধবার ঝোটার পরিবারের সঙ্গে দেখা করে। পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের বক্তব্য শোনেন আধিকারিকেরা। তদন্তের প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞ, ওষুধ নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিক এবং অন্যান্য বিশেষজ্ঞদেরও মানসায় পৌঁছনোর কথা রয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে চণ্ডীগড়ের পিজিআই-তে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ময়নাতদন্ত করবে। চণ্ডীগড়ে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানেও তদন্ত সংক্রান্ত প্রক্রিয়া চালানো হবে বলে জানা গিয়েছে। পরিবারের সঙ্গে কথা বলার পর পাওয়া তথ্য ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবে সিবিআই।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর মানসার একটি বাজারের মধ্যে মেডিক্যাল স্টোরের ভিতরে গুলি করে খুন করা হয় পরবিন্দর সিং ঝোটাকে। মেডিক্যাল স্টোরগুলিতে নেশার ওষুধের কথিত অবৈধ বিক্রির বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। ঘটনার সময় তিনি সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারও করছিলেন। এই ঘটনায় মেডিক্যাল স্টোরের মালিক অশ্বিনী কুমারকে গ্রেফতার করা হয়।

ঝোটার পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিল। এরপর ২০ অক্টোবর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেন। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন। এখন খুনের ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

 




Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha