স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৫ নভেম্বর :আসন্ন পৌর সভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী রাজ্যজুড়ে কার্যকর রয়েছে নির্বাচনী আচরণবিধি। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকায় নির্বাচনী আচরণ বিধি সুনিশ্চিত করতে এবার সক্রিয় ভূমিকায় নামল মহকুমা প্রশাসন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, পৌর এলাকায় রাজনৈতিক দলের নেতৃত্ব, মন্ত্রী কিংবা অন্যান্য ব্যক্তিত্বের রাজনৈতিক, সরকারি ও ধর্মীয় প্রচারমূলক পোস্টার লাগিয়ে রাখা নিষিদ্ধ। এই বিষয়ে পূর্বেই বিভিন্ন রাজনৈতিক দলকে অবগত করা হলেও, বেশ কিছু পোস্টার এখনও অপসারণ না করায় রবিবার সকালে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শুরু হয় বিশেষ অভিযান।
এই অভিযানে নেতৃত্ব দেন তেলিয়ামুড়ার মহকুমা শাসক তথা ২০২৬ তেলিয়ামুড়া পুরপরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। অভিযানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরপরিষদের ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার, ডিসিএম জিনিয়াস দেববর্মা সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এবং নির্বাচনী কাজে নিযুক্ত অন্যান্য আধিকারিকরা। প্রশাসনিক এই অভিযানের মাধ্যমে বিভিন্ন স্থানে লাগানো নির্বাচনী আচরণবিধি পরিপন্থী পোস্টার অপসারণ করা হয়। আসন্ন পৌরসভা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান