Tuesday, October 13, 2026
বাড়ি বিশ্ব সংবাদ নিউ ইয়র্ক বিমানবন্দরে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনুস, 'জঙ্গি' বললেন বিক্ষোভকারীরা

নিউ ইয়র্ক বিমানবন্দরে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনুস, 'জঙ্গি' বললেন বিক্ষোভকারীরা

নিউ ইয়র্ক বিমানবন্দরে বিক্ষোভের মুখে মহম্মদ ইউনুস, 'জঙ্গি' বললেন বিক্ষোভকারীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৩ অক্টোবর : হিন্দু নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছিল তিনি ক্ষমতায় থাকাকালীন। হাসিনা পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের  আমলে সংখ্যালঘুদের বিরুদ্ধে লাগামবিহীন সন্ত্রাসের অভিযোগ আন্তর্জাতিক মহল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বেশ সমালোচিত হন তিনি। ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর তিনি পদত্যাগ করেন। তারপর কেটে গিয়েছে ৮ মাস। কিন্তু ইউনুসের প্রতি বাংলাদেশিদের ক্ষোভ যে বিন্দুমাত্র কমেনি, তার প্রমাণ মিলল সোমবার নিউ ইয়র্কে। জন এফ কেনেডি বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখা গেল। ইউনুসকে ‘জঙ্গি’ বলে ধেয়ে এল অপমান, উঠল ‘গো ব্যাক’ স্লোগান। শেষমেশ হুইলচেয়ারে করে অশীতিপর ইউনুসকে বিমানবন্দর থেকে নিরাপদে বাইরে বের করে নিয়ে যাওয়া হয়।


২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর মাস খানেকের পরই বিদেশ থেকে উড়ে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর আমলেই বাংলাদেশে হিন্দু নির্যাতন সবচেয়ে বেশি হয় বলে অভিযোগ। তা নিয়ে শোরগোল পড়েছিল আন্তর্জাতিক মহলেও। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে তারেক রহমান সরকার আসার পর ইউনুসের পদ খোয়া যায়। তিনি এতদিন দেশেই ছিলেন। এই প্রথম গেলেন বিদেশ সফরে। আর আমেরিকায় পা রাখতেই জনবিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। এই জনতার তাঁর দেশেরই।


সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, সোমবার রাতে কাতার এয়ারওয়েজের বিমানে জেএফ কেনেডি বিমানবন্দরে ইউনুস নামেন। হুইলচেয়ারে চড়ে টার্মিনাল ৮ দিয়ে বেরনোর সময় একদল মানুষ ঘিরে ধরেন। এঁরা সকলে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ ‘গো ব্যাক’ স্লোগান তোলেন। ভিড়ের মধ্যে একজন ইউনুসকে লক্ষ্য করে বলেন, ‘‘আপনি একজন জঙ্গি। আপনি বাংলাদেশের সাধারণ মানুষকে খুন করেছেন। এখানে এসেছেন কেন বলুন?” তাঁদের আরও অভিযোগ, ইউনুস প্রধান পদে থাকার সময়েই সবচেয়ে বেশি হিন্দু খুন হয়েছেন, বহু নিরাপত্তারক্ষী, পুলিশকে ঝুঁকির মুখে পড়তে হয়েছে। সাধারণ নাগরিকদের সুরক্ষা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা ছিল না ইউনুসের।


যদিও সমস্ত অভিযোগের মুখে শান্ত ছিলেন বাংলাদেশের প্রাক্তন শাসক তথা নোবেলজয়ী অর্থনীতিবিদ। ইউনুসকে ঘিরে এই বিক্ষোভ দেখে অনেকেই বলছেন, এমনটা হওয়ারই ছিল। দেশের মানুষ সরাসরি প্রতিবাদ করতে না পারলেও বাইরের বাংলাদেশিরা গোটা পরিস্থিতিতে রীতিমতো খেপে ছিলেন। ইউনুসকে সামনে পেয়ে তার প্রতিফলন ঘটেছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha