Monday, November 23, 2026
বাড়ি জাতীয় নয়া বিপাকে ধ্রুব রাঠি, ‘জার্মান শেফার্ডে’র বিরুদ্ধে জারি জামিন অযোগ্য পরোয়ানা

নয়া বিপাকে ধ্রুব রাঠি, ‘জার্মান শেফার্ডে’র বিরুদ্ধে জারি জামিন অযোগ্য পরোয়ানা

নয়া বিপাকে ধ্রুব রাঠি, ‘জার্মান শেফার্ডে’র বিরুদ্ধে জারি জামিন অযোগ্য পরোয়ানা

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৩ : ২০১৮ সালের একটি মানহানির মামলায় সোমবার দিল্লির একটি আদালত ইউটিউবার ধ্রুব রাঠির  বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এই পরোয়ানা জারি করেছেন। বিকাশ সংস্কৃত্যায়ন (ওরফে বিকাশ পাণ্ডে) দায়ের করা মামলার প্রেক্ষিতে এই পদক্ষেপ করা হয়েছে।


২০১৮ সালে ধ্রুব রাঠির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন বিজেপি সমর্থক বিকাশ।  অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও মামলা দায়ের করেছিলেন তিনি। ওই মামলায় অরবিন্দ কেজরিওয়াল ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু ধ্রুব দীর্ঘদিন জার্মানিতে থাকায় তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারেনি আদালত। তিনি ভারতে ফিরতেই তাঁকে সমন পাঠিয়েছিল সাকেত আদালত। গত ১৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এরপর ৩১ অক্টোবর নতুন করে পরোয়ানা জারি হলেও এবার জামিন অযোগ্য পরোয়ানা জারি হল জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে। 



ঠিক কী ছিল ওই মামলায়? বিকাশ পাণ্ডে নামের ওই বিজেপি সমর্থক ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামক একটি সমাজমাধ্যম পেজের প্রতিষ্ঠাতা। তাঁর অভিযোগ, ২০১৮ সালের মে মাসে ধ্রুব ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ নামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি তাঁকে বিজেপির আইটি সেলের সদস্য বলে দাবি করেছিলেন। ভিডিওয় তাঁকে নিয়ে মিথ্যা ও মানহানিকর মন্তব্যও করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। সেই মামলাতেই এবার গ্রেপ্তারির মুখে রাঠি।


গত অক্টোবরে  ককরোচ জনতা পার্টির বিক্ষোভের আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুব রাঠিকে। প্রায় ২০-২২ ঘণ্টা পরে তাঁকে মুক্তি দেয় পুলিশ। ছাড়া পেয়েই সোশাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছেন রাঠি। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করে দাবি করেন, “আমাকে কিডন্যাপ করা হয়েছিল। আটক বা গ্রেপ্তার আমি বলব না।’ শুধু তাই নয়, নিজের নাগরিকত্ব নিয়েও যাবতীয় বিভ্রান্তি দূর করেন মোদি বিরোধী ইউটিউবার। সোশাল মিডিয়ায় দাবি করা হয় রাঠি ভারতীয় নাগরিক নন, জার্মান। তাই তিনি ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন না। ধ্রুব নিজের ভারতীয় পাসপোর্ট ভিডিওতে দেখিয়ে স্পষ্ট জানিয়ে দেন, তিনি ভারতেরই বাসিন্দা।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha