স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ আগস্ট : ধর্মনগর জেলা হাসপাতাল
চত্বরের একটি ড্রেন থেকে উদ্ধার এক অজ্ঞাত ব্যক্তির
মৃতদেহ। জানা যায়, এদিন দুপুর আনুমানিক ১২ টার নাগাদ
কয়েকজন লোক ধর্মনগর জেলা হাসপাতালে আসার সময় হাসপাতাল চত্বরের একটি ড্রেনের মধ্যে এক ব্যক্তিকে পড়ে
থাকতে দেখেন। বিষয়টি নজরে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। পুলিশ ড্রেন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার
করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫
বছর। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও পরিচয় জানা যায়নি। কীভাবে তিনি হাসপাতাল চত্বরের ড্রেনে পড়লেন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা
সৃষ্টি হয়েছে। ঘটনার পর ধর্মনগর থানার
পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান