Tuesday, September 29, 2026
বাড়ি জাতীয় কমিশনে প্রশ্নের মুখে জ্ঞানেশের সিদ্ধান্ত! মামলা গ্রহণ শীর্ষ আদালতের, আগামী সপ্তাহেই শুনানি

কমিশনে প্রশ্নের মুখে জ্ঞানেশের সিদ্ধান্ত! মামলা গ্রহণ শীর্ষ আদালতের, আগামী সপ্তাহেই শুনানি

কমিশনে প্রশ্নের মুখে জ্ঞানেশের সিদ্ধান্ত! মামলা গ্রহণ শীর্ষ আদালতের, আগামী সপ্তাহেই শুনানি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৯  : কমিশনের অন্দরে স্বেচ্ছাচারিতার অভিযোগে বিদ্ধ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার । এসআইআর-সহ একাধিক ইস্যুতে একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশজুড়ে ব্যাপক বিতর্কের মাঝেই এবার এই মামলা গড়াল শীর্ষ আদালতে । কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। আগামী সপ্তাহেই এই মামলা শুনবে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ।


আদালতে এই মামলা দায়ের করেছেন প্রবীণ আইনজীবী বিকাশ সিং। তাঁর দাবি অনুযায়ী, নির্বাচন কমিশন একটি বহু সদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠান। ফলে সেখানে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা হওয়া উচিত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। কিন্তু সাম্প্রতিক সময়ে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। মামলায় আবেদনকারী আরও জানিয়েছেন, সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা একটি প্রতিষ্ঠান হিসেবে দেওয়া হয়েছে। কোনও একজন কমিশনার এককভাবে সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। কেন জ্ঞানেশ কুমার এককভাবে ক্ষমতা প্রয়োগ করলেন তার ব্যাখ্যা চাওয়া হোক বলে দাবি করা হয়েছে আদালতের কাছে।


এই মামলায় ডেটাবেস নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যেখানে বলা হয়েছে, ভোটার তালিকার ডেটাবেসের নিয়ন্ত্রণ কেন্দ্রের অধীনে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নির্বাচন কমিশনার বিবেক জোশী। কারা ডেটাবেস পরিবর্তন করার ক্ষমতা পাচ্ছে তা যাচাই করতে অডিটের প্রস্তাবও দেন তিনি। নির্বাচন কমিশনার সুখবীর সিং জোশীর সঙ্গে এই বিষয়ে সহমত ছিলেন বলেও মামলায় দাবি করা হয়েছে। আগামী সপ্তাহেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ।


যদিও সংঘাতের অভিযোগ উড়িয়ে সম্প্রতি একফ্রেমে ছবি প্রকাশ করে ঐক্যের বার্তা দেওয়া হয়েছে। কমিশন জানায়, এসআইআর নিয়ে কমিশনের অভ্যন্তরে কোনও মতপার্থক্য ছিল না। এই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেছে কমিশন। জানানো হয়েছে, বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তর্ভুক্ত করে ২০২৫ সালের ২৪ জুন এসআইআর নির্দেশ জারি হয়েছিল। কমিশনের সর্বসম্মতিতেই সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha