স্যন্দন ডিজিটেল ডেস্ক নভেম্বর ২২ : মেক্সিকো সেনার অভিযানে শনিবার গ্রেপ্তার হয়েছেন মাদক সাম্রাজ্যের কিংপিং ‘ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস’ ওরফে এল চাপো ইদ্রিসো । ‘বসে’র গ্রেপ্তার হতেই এবার ফুঁসে উঠল সিনালোয়ার ‘বেলট্রান লেইভা কার্টেল’। গোটা রাজ্যজুড়ে তাণ্ডব শুরু করল মাদক পাচারকারীরা। রাস্তায় রাস্তায় গাড়িতে আগুন ধরানোর পাশাপাশি চলল গোলাগুলি। গুরুতর এই পরিস্থিতির জেরে স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। মাঠে নেমেছে মেক্সিকো সেনা। হেলিকপ্টার থেকে গুলি চালানোর পাশাপাশি শুরু হয়েছে অভিযান। ব্যাপক হিংসার জেরে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সিনালোয়ায় অভিযান চালিয়ে এল চাপো ইদ্রিসোকে গ্রেপ্তার করে মেক্সিকো সেনা। রাতেই তাঁকে বিমানে করে নিয়ে যাওয়া হয় মেক্সিকো সিটিতে। ‘বসে’র গ্রেপ্তারির খবর সামনে আসতেই মাঠে নেমে পড়ে কার্টেলের বাকি সদস্যরা। শুরু হয় গোলাগুলি। সিনালোয়ার গুয়াসেভ শহরে একের পর এক গাড়িতে আগুন দেওয়া হয়। পালটা দুষ্কৃতীদের থামাতে মাঠে নামে সেনা। হেলিকপ্টার থেকে পাচারকারীদের লক্ষ্য করে গুলি বৃষ্টি করা হয়। লড়াইয়ের জেরে এখনও পর্যন্ত ৭ জন পাচারকারী ও ৪ জন সেনার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যাপক হিংসার জেরে ওই শহরে আটকে পড়েছেন বহু মানুষ তাদের বের করে আনার চেষ্টা চলছে। এলাকার বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এল চাপো ইসিদ্রো মেক্সিকোর সিনালোয়ার বৃহত্তম মাদকপাচারকারী দল গুয়াসাভে কার্টেলের প্রধান। গোটা সিনালোয়া জুড়ে এদের দাপট। এই ব্যক্তি আগে বেলট্রান লেইভা কার্টেলের সাথে যুক্ত ছিলেন। কিন্তু গোষ্ঠীগুলোর মধ্যে মতপার্থক্যের জেরে ২০১৩ সালে নিজের অপরাধী নেটওয়ার্ক গড়ে তোলে। আমেরিকার অভিযোগ, ‘এল চাপো’ ২০০৫ থেকে ২০১৯ সালের মধ্যে বিপুল পরিমাণে হেরোইন, মেথামফেটামিন, কোকেন, ফেন্টানিল ও গাঁজা পাচার করেছে। এফবিআই আরও অভিযোগ করেছে যে, তার সংগঠন ফেন্টানাইল এবং অন্যান্য মারাত্মক সব মাদক গোটা আমেরিকায় ছড়িয়েছে।
ভয়ংকর এই অপরাধীকে ধরতে তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ৫০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৬.৩৪ কোটি টাকা। পাশাপাশি আমেরিকায় মাদকের কারবার রুখতে শুরু থেকেই সক্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দফায় দফায় এই ইস্যুতে মেক্সিকোকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মাদক কারবারিদের না রুখলে মেক্সিকোয় সামরিক অভিযান চালাবেন তিনি। ট্রাম্পের চাপের মধ্যেই পরপর শীর্ষ মাদক নেতাদের গ্রেপ্তার করল মেক্সিকো সরকার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান