স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মে : স্মার্ট সিটিতে যানজট বিপজ্জনক রূপ নেওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চরম গাফিলতি ও উদাসীনতার কারণে শহরের অলিগলি দিয়ে পর্যন্ত যাতায়াত করতে গিয়ে হিমশিম খাচ্ছে নিত্য পথচারীরা। অথচ, পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করে শহরে মাঝেমধ্যে অভিযান চালিয়ে দায়িত্ব খালাস ট্রাফিক প্রশাসনের। সঠিকভাবে অভিযান না থাকার কারণে শহরে যানজট বিপজ্জনক অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে। একাধিকবার খবর প্রকাশ হওয়ার পর অবশেষে নিদ্রা ভাঙলো ট্রাফিক প্রশাসনের। শনিবার দুপুরে আগরতলা শহরে অভিযান চালায় ট্রাফিক প্রশাসনের জাম্বু টিম। আইজিএম হাসপাতাল চৌমুহনী, অফিস লেন, বটতলা এলাকায় অভিযান চালায়।
বেআইনিভাবে রাস্তার পাশে গাড়ি বাইক যারা পার্কিং করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। একাধিক গাড়ি বাইক তুলে নিয়ে যায় ট্রাফিক পুলিশ। এই ধরনের অভিযান আগামী দিন অব্যাহত থাকবে বলে বার্তা দিলেন এক ট্রাফিক আধিকারিক। শহরে প্রতিদিন যানজট বাড়ার মূল কারণ এই হল বেআইনি পার্কিং এবং লাফিয়ে বাড়ছে গাড়ির সংখ্যা। চলাচলের জন্য অলিগলি খুঁজতে হচ্ছে নিত্য পথচারীদের। কারণ চলাচল করতে গিয়ে তারা সমস্যায় পড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত অস্বাভাবিক ভিড় শহরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তার উপর দিয়ে রয়েছে অধিকাংশ প্রধান ব্যস্ততম সড়কগুলোর মধ্যে নির্মাণ সামগ্রী ফেলে রাখার অভ্যাস এবং পাইভেট টিউটরের অভিভাবকদের ভিড়। রাজধানীর রামনগর, ধলেশ্বর, বিজয় কুমার চৌমুহনী সহ ব্যস্ততম সড়ক গুলির মধ্যে প্রতিদিন বিকালের পর অভিভাবকরা রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকছে।
শিক্ষকদের বাড়িতে ঠাঁই নেই অভিভাবকদের জন্য। ফলে যানজট চরম আকার ধারণ করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিতি বিরক্ত পথচারীরা। ন্যূনতম জ্ঞান হারিয়ে ফেলেছে তথাকথিত কতিপয় সমাজের মেরুদন্ড। প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, অথচ ছাত্রছাত্রীদের অভিভাবকদের জন্য বাড়িতে বসার বন্দোবস্ত নেই তাদের। শহরে এই বিপদজনক যানজট থেকে রেহাই দিতে প্রশাসনের চরম গাফিলতি প্রতিদিন নজরে আসছে সাধারণ মানুষের। অথচ কোন ধরনের কড়া পদক্ষেপ নেই যারা যানজট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে। লোক দেখানো অভিযানে সীমাবদ্ধ প্রশাসন। এতে করে যানজট কোনোভাবেই মুক্ত হবে না স্মার্ট সিটিতে।

