নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সাংবিধানিক ও আইনি আজ্ঞা পূরণেও অত্যন্ত সফল, জোর দিয়ে বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
শানিবার নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, “আমাদের নির্বাচনী ব্যবস্থা ১৮ বছর বয়সী ভারতের সকল নাগরিককে স্বতঃপ্রণোদিত হয়ে অন্তর্ভুক্ত করছে এবং যারা অযোগ্য—যেমন মৃত, ভুয়ো, অনুপস্থিত, স্থানান্তরিত এবং বিদেশী ভোটার—তাদের পদ্ধতিগতভাবে বাদ দেওয়া হচ্ছে। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুধুমাত্র ভারতের সর্বোচ্চ আদালতের যাচাই-বাছাইয়েই উত্তীর্ণ হয়নি, বরং এটি সাংবিধানিক ও আইনি আজ্ঞা পূরণেও অত্যন্ত সফল হয়েছে।”
জ্ঞানেশ কুমার বলেন, “আমি আপনাদের এটাও জানাতে চাই, এই বিশেষ নিবিড় সংশোধন সমস্ত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলের জেলা ও রাজ্য সভাপতিদের পাশাপাশি ১৫ লক্ষেরও বেশি বুথ-স্তরের এজেন্টের কড়া তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই প্রক্রিয়াটি ১১ লক্ষেরও বেশি বুথ-স্তরের কর্মকর্তা, সহকারী নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা দ্বারা সম্পাদিত হয়। তাঁরা সকলেই রাজ্য সরকারের কর্মচারী এবং ভারতের নির্বাচন কমিশনে ডেপুটেশনে থেকে একসঙ্গে কাজ করছেন সমগ্র বিশ্বের অন্যতম—এবং আমি আবারও বলছি, অন্যতম—সঠিক ভোটার তালিকা প্রস্তুত করার জন্য।”

