স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মে : ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের প্রচার চললেও রাজ্যের বিভিন্ন প্রান্তে নিত্যদিনই পানীয় জল, বেহাল রাস্তা ও বিদ্যুৎ সমস্যাকে কেন্দ্র করে বিক্ষোভ ও পথ অবরোধের ঘটনা সামনে আসছে। সোমবার ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার মাকুমছড়া এলাকা। কাঞ্চনপুর – লালজুড়ি – ধর্মনগরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, বিশুদ্ধ পানীয় জলের সংকট এবং অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বর্ষাকালে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পানীয় জলের সংকট ও বিদ্যুতের সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। এদিন বিক্ষোভ চলাকালীন রাজ্যের মন্ত্রী সন্তানা চাকমার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের প্রশ্ন, নির্বাচনের সময় একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এলাকার উন্নয়নে তেমন কোনো কাজ হয়নি। পথ অবরোধের জেরে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তায় আটকে পড়ে বহু যানবাহন।

