স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মে : সর্ষে ভূত! নেশা মুক্ত ত্রিপুরার নামে রক্ষক এবার ভক্ষকের ভূমিকা নিল! রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের নির্দেশে নেশা সাথে জড়িত ইন্সপেক্টর সহ মোট চারজন পুলিশ কর্মীকে বরখাস্ত ও গ্রেপ্তার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। অভিযুক্ত পুলিশ কর্মীরা হলেন ইন্সপেক্টর অজিত দেববর্মা, এসআই রাজেন্দ্র রেয়াং, ডব্লিউএসআই সম্পা দাস এবং এএসআই শচীন্দ্র দেববর্মা। মামলার নম্বর ০২৫/২০২৬, তারিখ ২৪.০৫.২০২৬ ।
ধারা BNS এর 305, 306, 316(5), 61 এবং NDPS আইন, 1985 এর 21(c) এবং 29। মামলার তদন্তকারী অফিসার থানার ওসি। অভিযোগকারী অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ। অভিযোগ, গত ২০ মে তেলিয়ামুরা থানার কর্মীরা একটি সাদা রঙের ইকো গাড়ি আটক করে এবং এসকফ আটক করে। তেলিয়ামুরা থানার সিসিটিভি ফুটেজ পরবর্তীকালে পর্যালোচনা করে দেখা গেছে যে, আনুষ্ঠানিক জব্দ ও নথিভুক্তকরণের পূর্বেই উদ্ধারকৃত চালানের কিছু নেশা জাতীয় এসকফ সিরাপ জিডি রুম থেকে সরিয়ে ফেলা হয়েছিল।
ফুটেজের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে যে, অভিযুক্ত কর্মীরা অসৎ উদ্দেশ্যে ১০০ মিলির প্রায় ২৪৫ বোতল এসকফ সিরাপ সরিয়ে নিয়ে গোপন করেছিল। আটকৃত সম্পূর্ণ চালানের হিসাবও দেননি পুলিশ কর্মীরা। তারপর একটি ফৌজদারি মামলা দায়ের করা হয় এবং নিরপেক্ষ তদন্ত চলছে। বিভাগীয়ভাবে তাদের বরখাস্ত করা হয়েছে।চারজন পুলিশ কর্মীকে সোমবার আদালতে তোলা হবে।

