স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মে :সুশাসন জামানায় চা শ্রমিকের ৩২ হাজার টাকা গিলে খেলো পঞ্চায়েতের নির্বাচিত সদস্য। ঘটনা সিমনা বিধানসভার ব্রহ্মকুন্ড গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়। স্থানীয় চাম্পা মুন্ডা নামে ৭২ বছর বয়সি এক বৃদ্ধা এই প্রতারণার শিকার হয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুই কিস্তির ৯৬ হাজার টাকা তুলে বৃদ্ধা আবাস যোজনার ঘরটি তুলেন। শুধু বাকি রয়েছিল ঘরটির চারিদিকে বেড়ার কাজ। সেই সময় ৫ নং ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য কিষাণ সাঁওতাল ঘরটির বাকি কাজ সম্পূর্ণ করে দেবেন বলে এগিয়ে আসেন।
তারপর কিষান সাঁওতাল বাড়ি থেকে টিন এনে ঘরের চারিদিকে টিন লাগিয়ে ঘর সম্পূর্ণ হয়ে গেছে বলে পঞ্চায়েতকে ছবি তুলে দেখিয়ে দেয়। তারপর কিষান মুন্ডা চম্পা মুন্ডাকে ব্যাংকে নিয়ে গিয়ে দুইবারে ৩২ হাজার টাকা তুলে হাতিয়ে নেয়। টাকা তুলে নেওয়ার পর মহিলার ঘরের টিন সব খুলে নিয়ে যায়। চম্পা মুন্ডার ছেলে কৃষ্ণা মুন্ডা বিষয়টি পঞ্চায়েতের অন্যান্য মেম্বারদের জানিয়েছেন, কিন্তু এখনো তার ঘরটি সম্পূর্ণ করে দেওয়া হয়নি। তারা দাবি করেন পঞ্চায়েত যেন ঘরটি অতিসত্বর সম্পূর্ণ করে দেয়, এবং পঞ্চায়েত সদস্য কিষান সাঁওতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। উল্লেখ্য, এভাবেই দুর্নীতির সাগরে ভাসছে রাজ্যের বহু এলাকা। এই দুঃশাসন দূর করার উপায় নেই বলা চলে।

