শিলং, ১১ মাৰ্চ (হি.স.) : পশ্চিম গারোপাহাড় জেলায় আদিবাসী ও অ-আদিবাসী গোষ্ঠীর মধ্যে স্থানীয় অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্ৰ করে সংগঠিত সংঘর্ষের জেরে মেঘালয় বোর্ড অব স্কুল এডুকেশন (এমবিওএসই বা এমবোস) পরিচালিত দ্বাদশ শ্রেণির দুটি পরীক্ষা স্থগিত করেছে মেঘালয় সরকার।
বুধবার মেঘালয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ১১ মার্চ এবং আগামীকাল ১২ মার্চ নির্ধারিত উচ্চমাধ্যমিক স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষার মিউজিক ও অ্যানথ্রোপোলজি বিষয়ের পরীক্ষা পশ্চিম গারোপাহাড় জেলায় স্থগিত রাখা হয়েছে।
এমবিওএসই-র অ্যাক্রেডিটেশন বিভাগের অধিকর্তা ও পরীক্ষা নিয়ন্ত্রক টিআর লালু বলেন, ‘১১ মার্চ (মিউজিক) এবং ১২ মার্চ (অ্যানথ্রোপোলজি) নির্ধারিত এইচএসএসএলসি পরীক্ষাগুলি শুধুমাত্র পশ্চিম গারোপাহাড় জেলায় বাতিল করা হয়েছে। পরে নতুন তারিখ ঘোষণা করে এই পরীক্ষাগুলি পুনরায় নেওয়া হবে।’তিনি আরও জানান, মেঘালয়ের অন্যান্য জেলায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে। এ বছর বোর্ডের আয়োজিত এইচএসএসএলসি পরীক্ষায় ২৯ হাজারের বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে।
পরীক্ষা নিয়ন্ত্রক টিআর লালু জানিয়েছেন, সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে জেলার কিছু অংশে কারফিউ জারি হওয়ায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সেজন্য পশ্চিম গারোপাহাড় জেলায় পরীক্ষাগুলি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিআর লালু জানান, ছাত্রছাত্রী ও পরীক্ষাকেন্দ্রের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

