স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ফেব্রুয়ারি : পরীক্ষার দুদিন আগে বক্সনগর আদমপুর স্কুলের শিক্ষিকাকে অন্যত্র বদলির প্রতিবাদে সড়ক অবরোধ করল ছাত্র ছাত্রীরা। পরে বদলি রদ করার মৌখিক আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা। জানা যায়, শনিবার সকাল ১০ ঘটিকা থেকে সাড়ে বারোটা পর্যন্ত টানা আড়াই ঘন্টা আদমপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উত্তর কলমচৌড়া চৌমুনি বাজারে সোনামুড়া – বক্সনগর সড়ক অবরোধ করে। ছাত্র-ছাত্রীরা বলেন ১২০ জনের অধিক ছাত্রছাত্রী রয়েছে বিদ্যালয়ে। তাদের জন্য বিদ্যালয়ে মাত্র চারজন শিক্ষক। এর মধ্য থেকেই শুক্রবার একজন শিক্ষিকা বৈশাখী পালকে অন্যত্র বদলি করা হয়েছে।
বিদ্যালয়ে আট নয় জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। কিছুদিন পর পর শিক্ষক শিক্ষিকা বদলির কারণে বর্তমানে পঠন-পাঠন লাটে উঠেছে। তাই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। পরে ব্লক চেয়ারম্যান বক্স নগরের স্বপ্না নমঃ দাস বিদ্যালয় পরিদর্শক অফিসারের সঙ্গে আলোচনার মাধ্যমে জানতে চান পরীক্ষা মুহূর্তে কেন হঠাৎ করে শিক্ষক শিক্ষিকার বদলি করছে দপ্তর।
রাস্তার অবরোধের খবর শুনার পর দেড় ঘন্টা থেকে ২ ঘণ্টার মাথায় বক্সনগর বিদ্যালয় পরিদর্শক অফিসার তথা আইএস মহিম দেববর্মা, এসে এসএমসি কমিটি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বদলিরত শিক্ষিকা বৈশাখী পালকে আদমপুর স্কুলে পূর্ণ বহাল রাখা হয়েছে। এই আশ্বাসের পর অবরোধ তুলে নেয় শিক্ষক শিক্ষিকারা। রাস্তা অবরোধের ফলে রাস্তার দুপাশ সোনামুড়া যাওয়া এবং আগরতলা যাওয়ার গাড়ি জ্যাম সৃষ্টি হয়। ভোগান্তির শিকার সাধারণ কর্মচারী থেকে কলেজ পড়োয়া ও রোগীর গাড়ি সহ বিএসএফের গাড়ি পর্যন্ত।

