স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৪ ডিসেম্বর : যুদ্ধবিরতি সম্পন্ন হলেও গাজার মাটিতে আজও হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এবার তেমনই এক অভিযানে খতম হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদ। রবিবার এই হামলা ও মৃত্যুর কথা স্বীকার করেছেন গাজার হামাস প্রধান আল-হইয়া। অক্টোবরে গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার পর এই প্রথম হামাসের কোনও শীর্ষ কমান্ডারের মৃত্যু হল ইজরায়েলের হামলায়।
এই হামলার কথা জানিয়ে শনিবার বিবৃতি দেওয়া হয়েছিল ইজরায়েলের তরফে। ইজরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) ও শিন বেট নিরাপত্তা সংস্থার তরফে যৌথ বিবৃতি দিয়ে বলা হয়, হামাসের সামরিক শাখার অস্ত্র উৎপাদন ও পরিচালনার প্রধান রায়েদ সাদের মৃত্যু হয়েছে। ইজরায়েল সেনার মতে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের তরফে যে হামলা চালানো হয়েছিল সেই হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন রায়েদ সাদ। সেনার দাবি, এই জঙ্গিনেতা যুদ্ধবিরতি চলাকালীন অস্ত্র তৈরি ও হামাসকে শক্তিশালী করার কাচজে নিযুক্ত ছিলেন। অন্যদিকে হামাসের দাবি, এই হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন।
হামাসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পশ্চিম গাজা শহরে একটি গাড়িতে হামলা-সহ গাজার মাটিতে যে হামলাগুলি চালানো হয়েছে এবং হচ্ছে তা ট্রাম্পের শান্তিচুক্তির স্পষ্ট লঙ্ঘন। গাজার নাগরিক, নেতৃত্ব ও কর্মীদের নিশানা করছে ইজরায়েল। এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, শনিবার গাজায় একটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। এই হামলায় নিহত হন ওই হামাস কমান্ডার। তাঁর ও ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে এই হামলা চলে বলে জানান তিনি।

