স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৩ নভেম্বর :
সাত দিনের চরম সময়সীমা দিয়েও বিরোধের নিষ্পত্তি না হওয়ায় এবার গোটা গোমতী জেলার বিচার প্রক্রিয়া কার্যত স্তব্ধ করে দিলেন আইনজীবীরা। উদয়পুর জেলা ও দায়রা আদালতের বিচারপতি রবি দাইয়ার সঙ্গে আইনজীবীদের চলমান বিরোধ ৫৮ দিন পেরিয়েও অমীমাংসিত। বিচারপতিকে সরানোর দাবিতে জেলার সমস্ত আদালত বয়কটের সিদ্ধান্ত নিয়েছে গোমতী জেলা বার অ্যাসোসিয়েশন। বার অ্যাসোসিয়েশনের দাবি, গত কয়েক মাসে একাধিকবার ত্রিপুরা হাইকোর্টের প্রশাসনিক স্তরে অভিযোগ ও স্মারকলিপি জমা দিয়েও কোনও কার্যকর সমাধান মেলেনি।
বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, পেশাগত মর্যাদায় আঘাত এবং বিভিন্ন বিচারিক কার্যক্রম নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে বার অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা সুমন্তা চক্রবর্তী বিচারপতি রবি ধাইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন গত জুন মাসের ৬ তারিখ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানানো হয়। যাতে এই সমস্যার সুরাহা হয়। তারপরেও সমস্যার সমাধান না হওয়ায় পুনরায় ১৬ জুলাই অভিযোগ জানানো হয় হাইকোর্টের প্রধান বিচারপতি কাছে। অথচ এখন পর্যন্ত বিচারপতির ব্যবহারের পরিবর্তন হয়নি। উপরন্তু ব্যবহার আরো খারাপের দিকে যাচ্ছে। বরং আইনজীবীদের জানিয়ে দিয়েছেন আরও তিন বছর এই আদালতে থাকবেন।
এমনকি উদয়পুরের আইনজীবীদের দ্বারা আদালতে লড়াই না করার জন্য বলে দেন। বলে দেন আগরতলা থেকে আইনজীবী নিয়ে আসার জন্য বলে অভিযোগ। সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সোমবার একা আইনজীবী জানিয়েছেন, যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকায় আইনজীবীদের সঙ্গে বিচারপতির দুর্ব্যবহার করার কোন নিয়ম না থাকে তাহলে কেন তারা আদালতে কর্ম বিরতি করতে পারবেন না? যেখানে সুপ্রিম কোর্ট বলছেন মহিলা আইনজীবীদের বিশেষ গুরুত্ব দেওয়ার এবং সম্মান জানানোর সেখানে উদয়পুর জেলা ও দায়রা আদালতে বিচারপতি অসম্মান করে চলেছেন মহিলা আইনজীবীদের। শুধু তাই নয় পুলিশ দিয়ে পর্যন্ত হেনস্থা করা হচ্ছে। এগুলি শপথ পাঠ করে কি বিচারপতির দায়িত্ব নিয়েছেন তিনি? এই প্রশ্নগুলি তোলেন আইনজীবীরা। যদিও অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই জরুরি। সবচেয়ে বড় প্রশ্ন, বারবার অভিযোগ জানানোর পরও হাইকোর্টের প্রশাসনিক ভূমিকা এতদিন নীরব কেন? এই বিরোধের মাশুল দিতে হচ্ছে সাধারণ বিচারপ্রার্থীদের। আদালতে মামলা নিষ্পত্তি ব্যাহত হওয়ায় বাড়ছে তাদের দুর্ভোগ। বিচারক ও আইনজীবীদের মধ্যে বিরোধের প্রভাব কোনওভাবেই সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকারে পড়া উচিত নয়। এখন গোটা জেলার নজর ত্রিপুরা হাইকোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান