স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৩ নভেম্বর :
কমলপুরের মানিক ভান্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার আন্দোলনে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। দীর্ঘদিন দাবি পূরণ না হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক কক্ষ, অফিস কক্ষ ও মূল গেট তালাবদ্ধ করে বিক্ষোভ শুরু করে ছাত্র-ছাত্রীরা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বিদ্যালয় নেই বিষয় কেন্দ্রিক শিক্ষক। বহুবার প্রধান শিক্ষক সহ স্কুল পরিচালন কমিটির কাছে দাবি জানানো হলেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে। পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল করতে পারবে কিনা যথেষ্ট সংশয় রয়েছে। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। এদিকে আন্দোলনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তারপর পুলিশ এবং ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে আলোচনার পর লিখিত আশ্বাস দেওয়া হয়, আগামী ৭ ডিসেম্বর দুই বিষয়ে স্নাতকোত্তর শিক্ষক বিদ্যালয়ে যোগদান করবেন। লিখিত আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়। শিক্ষক যোগদানের আশ্বাসে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মধ্যে খুশির পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে নির্ধারিত দিনে শিক্ষক যোগদান না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান