Monday, November 23, 2026
বাড়ি রাজ্য আবারো কাঠগড়ায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

আবারো কাঠগড়ায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

আবারো কাঠগড়ায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলীর সাময়িক বরখাস্তের চ্যালেঞ্জ সংক্রান্ত মামলায় শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির নাম মামলা থেকে বাদ দেওয়ার আবেদন খারিজ করেছে উচ্চ আদালত। ১৮ নভেম্বর, ২০২৬ তারিখে দেওয়া এক গুরুত্বপূর্ণ আদেশে ত্রিপুরা উচ্চ আদালত, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি শ্রী প্রবীর সাক্সেনার করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাময়িক বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী শ্রী কৃষ্ণ দাসের দায়ের করা রিট পিটিশন (WPC নং ৫৫১/২০২৫) থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য তিনি এই আবেদন করেছিলেন।

 শ্রী দাস তাঁর সাময়িক বরখাস্তের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অভিযোগ করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ‘এক্সিকিউটিভ কাউন্সিল’-এর তাঁকে বরখাস্ত করার কোনো আইনি এখতিয়ার নেই, কারণ তাদের এই সিদ্ধান্তটি আইনত ত্রুটিপূর্ণ। শ্রী দাস তাঁর রিট পিটিশনে শ্রী সাক্সেনা এবং আরও দুজন অধ্যাপকের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, তাঁরা ‘ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’-এর প্রথম সংশোধনী (২০১০)-এর ১২এ(১) ধারা লঙ্ঘন করে অবৈধভাবে এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন—যে সভার মাধ্যমেই তাঁকে ২০২৫ সালের ১৪ আগস্ট সাময়িক বরখাস্ত করা হয়েছিল। অভিযোগ রয়েছে যে, প্রাক্তন উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসাইন এবং প্রাক্তন রেজিস্ট্রার ড. দীপক শর্মা কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই শ্রী দাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছিলেন, যা পরবর্তীতে এক্সিকিউটিভ কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়। হাইকোর্টে শ্রী দাস যুক্তি দেন যে, শ্রী সাক্সেনা এবং অন্য দুজন অধ্যাপক—যারা বিবাদী পক্ষের অন্তর্ভুক্ত—২০২৪ সালের মে মাস থেকে অনুষ্ঠিত এক্সিকিউটিভ কাউন্সিল সভাগুলোতে অবৈধভাবে উপস্থিত ছিলেন।

 এর মধ্যে ১৪ আগস্ট, ২০২৫-এ অনুষ্ঠিত ৪৬তম এক্সিকিউটিভ কাউন্সিলে সভাও অন্তর্ভুক্ত, যে সভায় শ্রী দাসকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শ্রী দাসের অভিযোগ, এক্সিকিউটিভ কাউন্সিলে উপস্থিত থাকার কোনো বৈধ অধিকার এই তিনজনের ছিল না; কারণ তৎকালীন এক্সিকিউটিভ কাউন্সিলটি গঠিত হয়েছিল ‘ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আইন,২০০৬’-এর স্ট্যাটিউট ১২এ(১)-এর ২০১০ সালের প্রথম সংশোধনীর অধীনে, অথচ এটি গঠিত হওয়া উচিত ছিল একই আইনের স্ট্যাটিউট ১২এ(১)-এর ২০২৪ সালের দ্বিতীয় সংশোধনীর অধীনে। তবে, ১৮ নভেম্বর, ২০২৬ তারিখে উচ্চ আদালত, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আইন,২০০৬’-এর স্ট্যাটিউট ১২এ(১)-এর ২০২৪ সালের দ্বিতীয় সংশোধনীর একটি অনুলিপি দাখিল করে, যা ৮ সেপ্টেম্বর, ২০২৬ থেকে কার্যকর হয়েছিল। শ্রী দাস এক্সিকিউটিভ কাউন্সিল গঠনকে অসাংবিধানিক বলে চ্যালেঞ্জ করেন এবং যুক্তি দেন যে, এর কোনো আইনি বৈধতা নেই। এর আগে, শ্রী সাক্সেনা তাঁর জবাব দাখিল না করায় উচ্চ আদালত, তাঁকে ছাড়াই মামলাটি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে, শ্রী সাক্সেনা একটি অন্তর্বর্তীকালীন আবেদন (IA নং ৭) দাখিল করে মামলা থেকে তাঁর নাম বাদ দেওয়ার অনুরোধ জানান। ১৮ নভেম্বর, ২০২৬ তারিখে বিচারপতি এস. ডি. পুরুকায়স্থ উভয় পক্ষের বক্তব্য শোনার পর এবং নথিপত্র পর্যালোচনা করে শ্রী সাক্সেনার দাখিল করা ওই অন্তর্বর্তীকালীন আবেদনটি খারিজ করে দেন। তবে, পূর্বের একটি আদেশ সংশোধন করে তিনি শ্রী সাক্সেনাকে একটি প্রত্যুত্তর দাখিলের সুযোগ প্রদান করেন। এছাড়া, উচ্চ আদালত আবেদনকারী শ্রী দাসকে ৪৬তম এক্সিকিউটিভ কাউন্সিল সভার কার্যবিবরণী একটি হলফনামাসহ দাখিল করার অনুমতি দেন এবং মামলাটি আগামী ১৫ ডিসেম্বর শুনানির জন্য নির্ধারণ করেন।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha