স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : চোরেরা হানা দিতে শুরু করেছে প্রকাশ্য দিবালোকে। ঘটনা শনিবার সকাল দশটা নাগাদ কমলা সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেকেরকোট রেল ব্রিজ সংলগ্ন নেতাজি সুভাষ কলোনী এলাকায়। স্থানীয় বাসিন্দা নন্দলাল দাস রাবার বাগানে কাজ করতে গিয়েছিলেন।
তার স্ত্রী ও তখন বাড়িতে ছিল না। নন্দলাল দাসের ছেলে প্রাকৃতিক কাজের জন্য গিয়েছিলেন শৌচালয়ে। আর সেই সময় ও সুযোগকে সদ্ব্যবহার করে চোরেরা তার ঘরে প্রবেশ করে দুটি দামি মোবাইল সহ নগদ ৪০ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে নন্দলাল দাস রাবার বাগান থেকে কাজ ছেড়ে ঘরে ফিরে এসে দেখতে পান তার ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে। আলমিরা খোলা অবস্থায় রয়েছে। নন্দলাল দাস তখন চিৎকার চেঁচামেটি শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে আসে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আমতলী থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করে। নন্দলাল দাস জানিয়েছেন তার বাড়ির পাশে একটি প্রজেক্ট এর কাজ চলছে। অথচ পুলিশের কোনরকম টহলদারি নেই যার ফলে এলাকার সাধারণ মানুষ নিরাপদে দিন কাটাতে পারছে না।

