স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : অভিযুক্ত স্বামীকে অবশেষে আদালতে তুলল পুলিশ। অভিযোগ তিন মেয়ে সহ স্ত্রীকে জীবিত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বিপ্লব চক্রবর্তী নামে এক ব্যক্তি। অগ্নিসংযোগে ভস্মীভূত বাড়ি। ঘটনা ধর্মনগর মহকুমার আলগাপুর পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে। গৃহবধূ নমিতা গোস্বামী তার স্বামীর বিরুদ্ধে এই অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করার অভিযোগ আনেন। গৃহবধূ নমিতা গোস্বামী বলেন তার স্বামী বিপ্লব চক্রবর্তী এর আগেও বহুবার আগুন লাগিয়ে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। শুক্রবার গভীর রাতের ঘটনাটি ও এর ব্যতিক্রম ছিল না।
রাত প্রায় একটা নাগাদ এই অগ্নিসংযোগ এর ঘটনা। আগুনের উত্তাপ এবং পার্শ্ববর্তী মানুষের চিৎকারে তাদের ঘুম ভেঙ্গে যায়। তখন কোন রকমে তিন কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে এই আগুনের হাত থেকে নিজেদের রক্ষা করেন গৃহবধূ নমিতা গোস্বামী। গৃহবধূ নমিতা গোস্বামীর অভিযোগ তার স্বামী বিপ্লব চক্রবর্তী তাদের সঙ্গে থাকেন না। কিন্তু প্রায় সময় নেশাগ্রস্থ অবস্থায় এসে তাদেরকে নির্যাতন করেন এবং মেরে ফেলার চেষ্টা করেন। নমিতা গোস্বামী কোনরকমে মানুষের বাড়ি বাড়ি কাজ করে তার তিন কন্যা সন্তানকে নিয়ে ভরণপোষণ চালিয়ে যাচ্ছেন। পরবর্তী সময় অভিযুক্ত স্বামীর স্ত্রী ধর্মনগর থানায় মামলা দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে ১৯২/২৩ নম্বরে এবং ভারতীয় দন্ডবিধির ৪৩৬ ধারায় মামলা হাতে নিয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারে অনেক তথ্য। ধর্মনগর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন আশ্রম পল্লীর বাড়ি থেকে অভিযুক্ত স্বামীকে আটক করে। তারপর ধৃতকে নিয়ে আসা হয় ধর্মনগর থানায়। এমর্মে ধর্মনগর থানার ওসি জানান, অভিযুক্ত স্বামী বিপ্লব তার স্ত্রীর ঘরে আগুন দিয়ে তাদের পুড়ে মারতে চেয়েছিল। সোমবার ধৃতকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়।

