স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ২০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় আগরতলা শহরে। র্যালিতে সামনের সারিতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। পরে বনমালীপুর স্থিত বিদ্যুৎ নিগমের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ নিগমের সঙ্গে সংযুক্ত সমস্ত স্তরের কর্মী, আধিকারিক এবং প্রকৌশলীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান মন্ত্রী। পাশাপাশি নিগমের দৈনন্দিন কাজকে সুচারুভাবে সম্পন্ন করতে নিযুক্ত সমস্ত সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিদেরকেও শুভেচ্ছা জানান।
কুর্নিশ জানান আপামর বিদ্যুৎ ভোক্তাদের, যারা দুর্যোগের সময় নিগমের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গোটা রাজ্যে নিবিচ্ছিন্ন বিদ্যুৎ উপহার দিতে প্রতিষ্ঠা দিবসে বিদ্যুৎ নিগম অঙ্গীকারবদ্ধ বলে জানান মন্ত্রী। এদিন মন্ত্রী বক্তব্যের মধ্য দিয়ে নিগমের কর্মীদের উদ্দেশ্যে বলেন যদি তারা নিজেদের আপডেট করতে না পারে তাহলে চলবে না। নিগমের যে সোশ্যাল মিডিয়ার পেইজ রয়েছে সেটা নিগমের কর্মীরাই ফলো করছে না। তাই প্রত্যেক কর্মীকে সোশ্যাল মিডিয়ার পেজটি ফলো করতে হবে। মানুষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে অবগত হতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির দিকেও গুরুত্ব দিতে আহ্বান করলেন মন্ত্রী। তিনি আরো বলেন, আধুনিক প্রযুক্তি মাধ্যমে কিভাবে বিদ্যুৎ নিগমকে আগামী দিনে সমস্ত দপ্তরের শীর্ষে নিয়ে পৌঁছানো যায় সেদিকে গুরুত্বারোপ করতে হবে।
কারণ শিক্ষা দপ্তর থেকেও অধিক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ নিগম। সংশ্লিষ্ট নিগমের কর্মীরা এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে আগামী দিনে বড় ভুমিকা পালন করবে। এমনটাই অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী রতনলাল নাথ। মন্ত্রী আরো বলেন, রাজ্যে বর্তমানে ৪২ লক্ষ মানুষ রয়েছে। ৩৭ হাজার কোটি টাকা ব্যাংকে জমা রয়েছে। এতে বোঝা যায় অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। এবং বিদ্যুৎ নিগমের বিশেষ উন্নয়নের জন্য রাজ্যের অর্থের অভাব নেই। শুধুমাত্র নেগেটিভ মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে কর্মীদের। কারণ সমাজ গড়তে নিগমের কর্মীদের বড় ভূমিকা রয়েছে। আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগমের সচিব অভিষেক শিং সহ অন্যান্য আধিকারিকরা।

