স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : শুক্রবার সকালে কমলপুর থানার অন্তর্গত ১ নং কলাছড়ি গ্রামের বাসিন্দা বীরেন্দ্র বাদ্যকরের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিরেন্দ্র বাদ্যকরের বসত ঘর। বিদ্যুৎ-এর শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। বাড়ির মালিক বীরেন্দ্র বাদ্যকর সহ বাড়ির লোকজনদের অভিযোগ বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণে শর্ট সার্কিট থেকে তাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অভিযোগ মানিক ভান্ডার বিদ্যুৎ নিগমের কর্মীরা বিদ্যুৎ-এর খুটি থেকে নিম্ন মানের তার দিয়ে বাড়ি ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়ে যায়। বীরেন্দ্র বাদ্যকর কমলপুর বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের নিকট বাড়ির বিদ্যুৎ সংযোগের তার পরিবর্তন করে দেওয়ার জন্য একাধিকবার লিখিত আবেদন জানান। কিন্তু নিগমের কর্মীরা বিদ্যুৎ সংযোগের তার পরিবর্তন করে নি। যার ফলে এইদিন অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বাড়ির মালিক জানান দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন ওনার গোটা বসত ঘড় গ্রাস করে নেয়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওনার বসত ঘড় সহ ঘরে থাকা সকল আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজ পত্র। এই অগ্নিকাণ্ডে ওনার ৫ থেকে ৬ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

