স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : বর্তমানে মিডেল ম্যান অর্থাৎ দালাল চক্রের কোন স্থান নেই। সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত সকলে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সেখানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর ঘোষণা করেন প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে পালন করা হবে। তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে সুশাসন দিবস হিসাবে পালন করা হয়। দেশের বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বের দরবারের এক গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে দিয়েছেন দেশকে। ভবিষ্যতের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী প্রকল্পের ঘোষণা করেন। সকলকে একসাথে নিয়ে রাজ্যের বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর কারনে দেশ ও রাজ্যের মানুষ বর্তমানে খুশি। অপরদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, ত্রিপুরা রাজ্যের সর্বত্র বিজেপির প্রতিটি বুথে এইদিন প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হয়েছে। প্রতিটি মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রয়াস জারি রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে ভারত বিকশিত হচ্ছে। বর্তমানে যে সুশাসনের কথা বলা হচ্ছে, সেই সুশাসনের সূচনা হয়েছে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী থাকা কালীন সময়। অটল বিহারী বাজপেয়ীর দেখিয়ে যাওয়া পথকে পাথেয় করে দেশের বর্তমান প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

