স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে আটক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী মহিলা। রবিবার রাত ১০ টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার বজেন্দ্র নগর ৫ নং ওয়ার্ড থেকে ঐ বাংলাদেশী মহিলাকে আটক করল কদমতলা থানার পুলিশ ও রানী বাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। জানা যায় ধৃত বাংলাদেশী মহিলার নাম জনী রানী দাস, বয়স ২৫ বছর।
বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন হাকালুকি এলাকায়। ঐ মহিলার সাথে দুই বছর যাবৎ স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে বাপের বাড়িতে থাকতো। যদিও তাদের বিবাহ বিচ্ছেদের বিষয়টি বিচারাধীন। সেই সুযোগে কদমতলা থানা এলাকার বজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সুধাংশু দাস বাংলাদেশে যায়। এবং সুধাংশু দাসের পরিচয় হয় ঐ মহিলার সাথে। তারপর দীর্ঘ একবছর ধরে ফোনে তাদের মধ্যে কথাবার্তা চলে। উভয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। ১৭ ডিসেম্বর সুধাংশু বাংলাদেশে গিয়ে কুলাউড়ার জগন্নাথ মন্দিরে ঐ মহিলাকে বিয়ে করে। তারপর সেইদিন ঐ মহিলাকে অবৈধভাবে ভারতের বজেন্দ্রনগর নিয়ে আসে। সুধাংশু ও ঐ মহিলা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এক সাথে বসবাস শুরু করে। কদমতলা থানার পুলিশ অফিসার তপন দাস জানান কদমতলা থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী মহিলা সহ সুধাংশু দাস ও সুশীল দাস নামে এক মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা গ্রহন করা হয়েছে। সোমবার ধৃত মহিলাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান