স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : সাব্রুমের বিজয়নগর সুকান্ত ক্লাব এলাকায় শনিবার গভীর রাতে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয় দুই পরিবারের চারজন। আহত প্রদীপ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় তাদের প্রতিবেশী মিন্টু সূত্রধর বেশকিছু দিন ধরে রাতের বেলায় তাদের বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে আসছে।
শনিবার রাতেও মিন্টু সূত্রধর তাদের বাড়ির সামনে দাড়িয়ে গালি গালাজ করছিল। তখন প্রদীপ দাস প্রতিবাদ করে। প্রতিবাদ করার সাথে সাথে মিন্টু সূত্রধরের পরিবারের লোকজন প্রদীপ দাসের উপর আক্রমণ চালায়। তখন প্রদীপ দাসের পরিবারের লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয় পক্ষের মোট চার জন আহত হয়।
আহতদের মধ্যে প্রদীপ দাসের বাবার অবস্থা আশঙ্কা জনক। আহতদের সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রদীপ দাসের বাবাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের পক্ষ থেকে সাব্রুম থানায় মামলা পাল্টা মামলা দায়ের করা হয়েছে।

