আগরতলা, ২৬ নভেম্বর (হি.স.) : দেশের সংবিধান এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় লড়াই আরও তীব্রতর করার শপথ নিলেন প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা। সংবিধানের মূল আদর্শ, গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার আগরতলার কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদায় পালিত হলো ৭৭তম সংবিধান দিবস তথা সংবিধান রক্ষা দিবস।
উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের গণপরিষদে দেশের সংবিধান গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতি বছর ২৬ নভেম্বর দেশজুড়ে সংবিধান দিবস পালন করা হয়। দেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার, সাম্য, স্বাধীনতা, ন্যায়বিচার ও ভ্রাতৃত্বের আদর্শকে সমুন্নত রাখার বার্তা দেওয়া হয় এই দিনটিতে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী, রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক মহাত্মা গান্ধী এবং ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ড. বি. আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর সংবিধানের মর্যাদা রক্ষা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত রাখার লক্ষ্যে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার শপথ গ্রহণ করেন তাঁরা।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, কংগ্রেস সারা দেশে এই দিনটিকে সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করে আসছে। তাঁর অভিযোগ, বর্তমানে দেশের সংবিধানের প্রতি অন্যায় ও অবিচার করা হচ্ছে। সংবিধানের মূল কাঠামো ও আদর্শ পরিবর্তনের জন্য বিজেপি গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, দেশের সংবিধানকে রক্ষা করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থেই জাতীয় কংগ্রেস দেশজুড়ে লড়াই চালিয়ে যাচ্ছে।
আশীষ কুমার সাহা আরও বলেন, সংবিধান কেবল একটি লিখিত দলিল নয়, এটি দেশের গণতন্ত্রের ভিত্তি এবং প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদার রক্ষাকবচ। তাই সংবিধানের প্রতি মানুষের আস্থা অটুট রাখা এবং সাংবিধানিক অধিকার সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। রাজ্যের সাধারণ মানুষকে পাশে নিয়েই কংগ্রেস এই লড়াইকে আগামী দিনে আরও তীব্রতর করবে বলে জানান তিনি। একই সঙ্গে ভোটাধিকার রক্ষার প্রশ্নেও দল আপসহীন অবস্থান বজায় রাখবে বলে স্পষ্ট করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
তিনি আরও জানান, সংবিধান ও ভোটাধিকার রক্ষার দাবিতে কংগ্রেসের আন্দোলন শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার লক্ষ্যে দল ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে।
এদিকে, শুধু আগরতলার কংগ্রেস ভবনেই নয়, বৃহস্পতিবার রাজ্যের প্রতিটি জেলা কংগ্রেস ভবন ও বিভিন্ন কংগ্রেস কার্যালয়েও যথাযথ মর্যাদায় সংবিধান দিবস তথা সংবিধান রক্ষা দিবস পালন করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সংবিধানের আদর্শ রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন কংগ্রেসের নেতাকর্মীরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান