Thursday, November 5, 2026
বাড়ি রাজ্য সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ঘিরে ঝড় তুললো বিজেপি

সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ঘিরে ঝড় তুললো বিজেপি

সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ঘিরে ঝড় তুললো বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ নভেম্বর :  হাতে আর মাত্র একদিন বাকি। মনোনয়নপত্র দাখিলে ঝড় তুলল প্রধান শাসক দল বিজেপি। বৃহস্পতিবার সকাল থেকেই দলের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন দিকে দিকে। নীতিশের পদত্যাগ আবহে কৈলাসহর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে ১৭ টি ওয়ার্ডে লড়াইয়ের জন্য বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। আর এই মনোনয়ন জমাকে কেন্দ্র করে কার্যত রাজনৈতিক শক্তি প্রদর্শনের ছবিই তুলে ধরল বিজেপি।

এদিন পাইতুরবাজারে অবস্থিত ঊনকোটি জেলা বিজেপি কার্যালয় থেকে এক সুসজ্জিত মিছিলের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন দলের প্রার্থী ও নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি পৌঁছায় কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ে। সেখানে নির্বাচনী আধিকারিকের কাছে ১৭ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজশিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি সহ অন্যান্যরা। সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাঘর পৌর পরিষদের ১৩ টি করে মোট ২৬ টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করলো বিজেপি। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক তোফাজ্জল হোসেন, বিধায়ক বিন্দু দেবনাথ সহ সহ অন্যান্যরা। মন্ত্রী কিশোর বর্মন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আবার ফিরবে বিজেপি এটা বলার অপেক্ষায় রাখে না। প্রশ্ন একটাই যারা ২৫ বছর লুটেপুটে খেয়েছিল এদের কতটুকু সাইনবোর্ড সর্বস্ব করা যায়।

আর আরেকটা দল এটা তো ইতিমধ্যে সাইনবোর্ড সর্বস্ব হয়ে গেছে, এটার নাম উচ্চারণ না করাটাই স্বাভাবিক। সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পক্ষ থেকে নয়টি ওয়ার্ডের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সাব্রুম মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তারা। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, বিধায়ক মাইলাফ্রু মগ সহ দলের অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। সাব্রুম নগর পঞ্চায়েতের ৯ টি ওয়ার্ডে তারা লড়াই করতে চলেছেন। আমবাসা পুর পরিষদের ১৫ টি আসনের মধ্যে আজ ১৩ টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিলের আগে বিজেপি ধলাই জেলা কার্যালয়ের সামনে থেকে এক সুসজ্জিত মিছিল জেলা সদর আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে রিটার্নিং অফিসারের অফিস সংলগ্ন স্থানে আসে। পরবর্তী সময় প্রার্থীরা রিটার্নিং অফিসার তথা আমবাসা মহকুমা শাসক কমল দেববর্মার নিকট নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। বিশালগড় বিজেপি মন্ডল কার্যালয়ের সামনে থেকে মিছিল করে ১৫ জন বিজেপি মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে যান। তারা মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসার বিঙ্কি সাহার কাছে।

এই রেলিতে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা। উৎসবের মেজাজে মিছিল করে জিরানিয়া নগর পঞ্চায়েতের ১১টি ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ও প্রার্থীদের নিয়ে মিছিল করে রিটার্নিং অফিসার তথা জিরানিয়ার মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত হন বিজেপি নেতৃত্ব। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গোটা এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খোয়াই পুর পরিষদ নির্বাচনে ১৫ টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বিজেপি। তারা রিটার্নিং অফিসারের কাছে নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। এই কর্মসূচিকে ঘিরে এদিন খোয়াই শহরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আসন্ন কুমারঘাট পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে বিপুল জনসমর্থন ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কুমারঘাট পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডেই একযোগে বিজেপির মনোনীত ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। ধর্মনগর পুর পরিষদ নির্বাচন শহরে মিছিল করে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেন। এদিন বিজেপি প্রার্থীরা রিটার্নিং অফিসার তথা ধর্মনগরের মহকুমা শাসক দেবযানী চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন। তেলিয়ামুড়া পুর পরিষদের ১৫ টি ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দেন। তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর হাতে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র তুলে দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha