স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর : ধর্মনগর মহকুমার যুবরাজনগর
বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতে এক গাড়ি চালকের রহস্যজনক
মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ল । মৃত যুবকের
নাম শিহাব উদ্দিন। বয়স ৩২। তিনি ঢুপিরবন্ধ গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরিবারের বক্তব্য অনুযায়ী , প্রায় চার দিন আগে গাড়ি সহ নিখোঁজ হওয়া শিহাব উদ্দিনকে
নৃশংসভাবে মারধর করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে মাদক কারবারের যোগ থাকতে পারে বলে দাবি।
গত চার দিন
ধরে তিনি গাড়ি নিয়ে বাড়ির বাইরে ছিলেন। সে সময় তার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না।
পরিবারের লোকজন আরো জানায়, গত কাল পর্যন্ত শিহাব একই গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা
ইচুব আলীর বাড়িতে ছিলেন। এরপর রবিবার সন্ধ্যায় এক অজ্ঞাত পরিচিত টোটো চালক তাঁকে
বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। শিহাব যখন ঘরে ফেরেন, তখন তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত
ঝরছিল। পরিবারের লোকজনের সঙ্গে সামান্য কথা বলার পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তবে মৃত্যুর আগে তিনি ইচুব আলীর নাম উল্লেখ করে যান এবং ইচুব আলী তাঁকে প্রচণ্ড মারধর
করেছেন বলে অভিযোগ করেন। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই ক্ষুব্ধ গ্রামবাসী ইচুব আলীর বাড়িতে
চড়াও হয়ে এবং তাঁকে ধরে নিয়ে আসেন।
সেই সময়
উত্তেজিত জনতা তাঁকে কিছুটা উত্তম-মধ্যমও দেয়। ঠিক তখনই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত
ইচুব আলীকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। বর্তমানে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা
দায়ের করা হয়েছে । এদিকে গ্রামবাসীদের একটি বড় অংশের অভিযোগ, ইচুব আলী মাদক পাচারের
সঙ্গে যুক্ত এবং এই ঘটনার জন্য ইছুব আলিই দায়ী। পুলিশ মৃত শিহাব উদ্দিনের মরদেহ উদ্ধার
করে ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট হাতে
এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি, এই মৃত্যুর সঙ্গে মাদক কারবারের কোনো
যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান