Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য জাতীয় সড়ক অবরোধকারীদের ধরপাকড় করল পুলিশ, আহত দুই পুলিশ কর্মী

জাতীয় সড়ক অবরোধকারীদের ধরপাকড় করল পুলিশ, আহত দুই পুলিশ কর্মী

জাতীয় সড়ক অবরোধকারীদের ধরপাকড় করল পুলিশ, আহত দুই পুলিশ কর্মী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ অক্টোবর :  সপ্তমীর দিনে পুলিশ প্রশাসনের তৎপরতায় কার্যত ভেস্তে গেল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এন.এল.এফ.টি এবং এ.টি.টি.এফ-এর কাওলাজয় গোষ্ঠীর ডাকা ৭২ ঘণ্টার আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি। অবরোধকে কেন্দ্র করে বড়মুড়ার চন্দ্র সাধুপাড়া এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে স্বাভাবিক রয়েছে জাতীয় সড়কে যান চলাচল। জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সপ্তমীর দিন ৭২ ঘণ্টার জাতীয় সড়ক অবরোধে অংশ নিতে বড়মুড়ার চন্দ্র সাধুপাড়া এলাকায় পৌঁছান আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এন.এল.এফ.টি এবং এ.টি.টি.এফ-এর কাওলাজয় গোষ্ঠীর কর্মীরা।

খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছান জিরানিয়া মহকুমা প্রশাসনের ডিসিএম-সহ পুলিশ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের করতে বলে। তবে প্রশাসনের আবেদনে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে উঠে পুলিশ প্রশাসন। অবরোধস্থল থেকেই অবরোধের নেতৃত্বে থাকা কাওলাজয় ত্রিপুরা-সহ আন্দোলনকারীদের আটক করে পুলিশ। পরে তাঁদের আগরতলার এডি নগরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। এদিকে, অবরোধকারীদের আটক করার সময় দুই পুলিশকর্মীর উপর চড়াও হওয়ার অভিযোগ। এই ঘটনায় প্রসেনজিৎ দাস ও কাজল দেববর্মা নামে দুই পুলিশ কর্মী আহত হন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আসাম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উৎসবের মরশুমে জাতীয় সড়ক অবরোধের আশঙ্কা তৈরি হলেও প্রশাসনের তৎপরতায় বড় ধরনের যানজট এড়ানো সম্ভব হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha