স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : টেট-১ উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তি হওয়ার পর সরকার বিবেচনা করবে বলে মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। সোমবার আগরতলার শিক্ষা ভবনে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা (TRBT)-এর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। এরপরই নিয়োগের দাবিতে প্রার্থীদের মধ্যে নতুন করে তৎপরতা দেখা দেয়।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারবে না। মামলার নিষ্পত্তি হলে টেট-১ উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিষয়টি বিবেচনা করা হবে বলেও তিনি জানান।
অন্যদিকে, TET-2 নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, বুধবার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৭৬৬ জন গ্র্যাজুয়েট টিচার পদপ্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হবে। মোট ১,০২০টি শূন্যপদের বিপরীতে মেধার ভিত্তিতে TRBT এই প্রার্থীদের সুপারিশ করেছে।
সমস্ত শূন্যপদে কেন নিয়োগ করা সম্ভব হচ্ছে না, তার ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জনজাতি সংরক্ষিত ২৩৩টি পদ, প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত ২৩টি পদ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সংরক্ষিত ২০টি পদে নিয়োগের জন্য পর্যাপ্ত প্রার্থী পাওয়া যায়নি। তিনি আরও জানান, TET-2 শংসাপত্র রয়েছে এমন ১,৫০২ জন প্রার্থীর বিষয়ে সরকার পরবর্তী পদক্ষেপ খতিয়ে দেখছে।
এদিকে, সেকেন্ডারি টিচার গ্র্যাজুয়েট (STGT) পদে নিয়োগের ক্ষেত্রেও আইনি জটিলতার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২৩০টি পদে সংরক্ষণ সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
অন্যদিকে, মাধ্যমিক স্তরে গ্র্যাজুয়েট শিক্ষকের ঘাটতি মেটাতে রাজ্য সরকার অতিরিক্ত ৭০০টি পদ সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী জানান, এই পদগুলির জন্য TRBT ৬৮৬ জন প্রার্থীর নাম সুপারিশ করেছে। তাঁদেরও বুধবার নিয়োগপত্র প্রদান করা হবে।
TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগে বিলম্ব এবং কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে TET-1 প্রার্থীদের নিয়োগের বিষয়টি আপাতত আদালতের মামলার নিষ্পত্তির উপরই নির্ভর করছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান