স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : টিআরপিসি-র চেয়ারম্যান পাতাল কন্যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বেড়া দিয়ে রাস্তা দখলের চেষ্টা। মঙ্গলবার দক্ষিণ ঘিলাতলীতে ডিমার্কেশনে গড়হাজির তিনি, মাঝপথেই স্থগিত হলো জমি পরিমাপ। মহকুমা শাসক জানিয়ে দেন সবার জন্য রাস্তা খোলা থাকবে।জানা যায়, দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় সরকারি রাস্তা ও জমি সংক্রান্ত জটিলতা মেটাতে পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় সীমানা নির্ধারণ শুরু করে প্রশাসন। তবে দ্বিতীয় পক্ষ টিআরপিসি চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সশরীরে উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত এই প্রক্রিয়া অর্ধসমাপ্ত রেখেই স্থগিত করতে বাধ্য হন তেলিয়ামুড়া মহাকুমার শাসক।
মহকুমা শাসক জানান, লিখিত নোটিশ এবং ফোনে বারবার যোগাযোগের চেষ্টা সত্ত্বেও পাতাল কন্যা জমাতিয়া হাজির হননি। ফলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করে শুরু করা পরিমাপের কাজ মাঝপথেই বন্ধ করতে হয়। এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশাসন সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে মহকুমা শাসক সাফ জানিয়ে দেন, সাধারণ মানুষের চলাচলের এই সার্বজনীন রাস্তা খোলা থাকবে, কোনোভাবেই তা আটকানো যাবে না। পুনরায় কেউ বেড়া দেওয়ার চেষ্টা করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সরকারি নির্দেশ অমান্য করে বারবার ইটের রাস্তায় বাঁশের বেড়া দেন পাতালকন্যা। সোমবার দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সাথে নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় অভিযানে নামেন স্বয়ং তেলিয়ামুড়া মহকুমা শাসক। ঘটনাস্থলে থাকা অবৈধ বাঁশের বেড়া ভেঙে রাস্তা সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়। টিআরপিসি চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়ার লোকজন পূর্বে দুই দফা বেড়া অপসারণের পরও তৃতীয়বার সাধারণ মানুষের চলাচলের পথ আটকে দিলে এলাকায় তীব্র ক্ষোভ ছড়ায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান