আগরতলা ১১অক্টোবর : অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আমতলী থানার পুলিশের হাতে আটক দুই বাংলাদেশি মহিলা ও এক শিশু। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে আগরতলা রেলস্টেশন সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাঁদের আটক করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাঁদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের নরসিংগড় হোমে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আমতলী থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রানা চ্যাটার্জি জানান, শনিবার সকালে সাব-ইন্সপেক্টর রুমা জমাতিয়া ও অন্যান্য পুলিশকর্মীরা রুটিন টহলদারির সময় আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় দুই মহিলা ও এক শিশু সন্দেহজনক অবস্থায় দেখতে পান। জিজ্ঞাসাবাদের পর তাঁদের বাংলাদেশি নাগরিক বলে জানা যায়। এরপরই তাঁদের আটক করে আমতলী থানায় নিয়ে এসে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
সূত্রের দাবি, এর আগে হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর পুশব্যাক প্রক্রিয়ার জন্য তাঁদের ত্রিপুরায় পাঠানো হয়েছিল। কিন্তু পুশব্যাকের পর পুনরায় ভারতে প্রবেশ করে রেলপথে হায়দরাবাদ যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। যদিও এই সংক্রান্ত সমস্ত তথ্য সূত্রের খবর।
এদিকে, ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ উঠছে, এই পথে দেশের বিভিন্ন রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে সক্রিয় রয়েছে দালালচক্র। এমনকি আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় কিছু গাড়িচালকের দালাল ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
বর্তমানে আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে তাঁদের পুনরায় বাংলাদেশে পুশব্যাক করা হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান