Friday, October 9, 2026
বাড়ি রাজ্য তিন মাস ধরে পানীয় জল অধরা! ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা, বাধ্য হয়ে পথে নামল জনতা

তিন মাস ধরে পানীয় জল অধরা! ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা, বাধ্য হয়ে পথে নামল জনতা

তিন মাস ধরে পানীয় জল অধরা! ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা, বাধ্য হয়ে পথে নামল জনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর ;পানীয় জলের মতো অত্যাবশ্যকীয় পরিষেবা থেকে দীর্ঘ তিন মাস ধরে বঞ্চিত থাকার অভিযোগ। বারবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত পথ অবরোধে সামিল হলেন ক্ষুব্ধ বাসিন্দারা। শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাছড়া ব্লকের পশ্চিম ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইছাই লালছড়া বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের বাড়িতে নিয়মিত পানীয় জল পৌঁছাচ্ছে না। দৈনন্দিন জীবনের অন্যতম মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে পরিবারগুলিকে। সমস্যার কথা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর কোনও সমাধান মেলেনি বলে দাবি তাঁদের। প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে অবশেষে রাস্তা অবরোধ করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

অন্যদিকে, স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য, গোটা এলাকায় জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজার সংলগ্ন কয়েকটি পরিবারের বাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে জল পৌঁছাতে সমস্যা হচ্ছে। বিষয়টি সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে প্রশ্ন উঠছে, তিন মাস ধরে পানীয় জলের সমস্যায় ভোগান্তির শিকার হওয়ার পরও কেন স্থায়ী সমাধানের জন্য বাসিন্দাদের পথ অবরোধের মতো কর্মসূচি নিতে হল? পানীয় জলের মতো মৌলিক পরিষেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাই শুধু আশ্বাস নয়, দ্রুত সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করে জল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

এখন দেখার, বাসিন্দাদের এই প্রতিবাদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত পদক্ষেপ করে। নাকি পানীয় জলের দাবিতে তাঁদের আরও দীর্ঘ অপেক্ষা করতে হবে-সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাজুড়ে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha