স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট : শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ভবিষ্যৎ
গড়ার দিশা এবং যুব সমাজের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করতে উদয়পুর মহকুমার জামজুড়ি
উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “যুব সংবাদ ২০২৬” কর্মসূচি। বিদ্যালয়ের কনফারেন্স হলে
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী
তথা সাংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি
দেবল দেবরায়, জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার পাল
সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব শিক্ষার্থীদের
সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি মতবিনিময় করেন। পড়াশোনার পাশাপাশি
নৈতিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং দেশের উন্নয়নে
যুব সমাজের সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা
শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মসংস্থান ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সাংসদের কাছে
প্রশ্ন তুলে ধরে। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের উৎসাহিত করেন সাংসদ।
তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই আত্মবিশ্বাস,
জ্ঞান, দক্ষতা ও ইতিবাচক চিন্তাভাবনার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন, এ ধরনের কর্মসূচির
মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা
করার সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের
উপর গুরুত্ব দেন তিনি। এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে সাংসদের এই মতবিনিময় অনুষ্ঠান সফলভাবে
সম্পন্ন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠান
শেষে জামজুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন পরিদর্শন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর
নেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান